
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (২৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক উপসচিব জেতী পু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, আহসান হাবিব বর্তমানে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, অবসর গ্রহণের আগে তাকে নিজ ক্যাডারে প্রত্যাবর্তন করতে হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রসঙ্গত, আহসান হাবিব বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। বিসিএস পরীক্ষায় নিজ ব্যাচে প্রথম স্থান অধিকার করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকেও প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন।
কর্মজীবনে এনবিআর সদস্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।