
চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ রেঞ্জ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। এই অভিযোগ তদন্তে অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সাফিজুল ইসলামকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত ও সরকারি দুটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকা এসবিতে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তদন্ত কমিটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী এসপি জাহাঙ্গীর আলমকে তার দপ্তরে ডেকে পাঠান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ এবং তথ্য ফাঁসের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিকভাবে তথ্য ফাঁসের আলামত পাওয়ার পর তার দুটি ফোন জব্দ করা হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী গণমাধ্যমকে বলেন, প্রশাসনিক কিছু বিষয়ে এসপি জাহাঙ্গীর আলমকে ডাকা হয়েছিল। এ ঘটনায় অতিরিক্ত ডিআইজি সাফিজুল ইসলামকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জাহাঙ্গীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন। ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি চট্টগ্রাম রেঞ্জের আরআরএফের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।