
আগামী ২৫ অক্টোবর ঢাকা থেকে রিয়াদে একটি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এদিকে আজ বুধবার (২১ অক্টোবর) থেকে চালু হচ্ছে ঢাকা-দাম্মাম রুটের ফ্লাইট।
বিমানের জনসংযোগ বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবের বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতির উন্নতির কারণে ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৫ অক্টোবর রাত ১টা ২৫ মিনিটে ঢাকা থেকে রিয়াদের উদ্দেশ্যে ফ্লাইট যাত্রা করবে।
সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে রিয়াদগামী অন্যান্য ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে দাম্মামগামী ফ্লাইট আগামী ২৬ অক্টোবর থেকে প্রতিদিন বাংলাদেশ সময় সকাল ৮টায় ঢাকা থেকে ছেড়ে যাবে। বোয়িং ৭৭৭ উড়োজাহাজের মাধ্যমে এসব ফ্লাইট পরিচালনা করা হবে।
এছাড়া ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে। পরদিন ২৬ অক্টোবর থেকে এই রুটে দুটি ফ্লাইট পরিচালিত হবে।
অন্যদিকে, ঢাকা-মদিনা রুটে গত ১৮ অক্টোবর থেকে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের দিয়ে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ না করা পর্যন্ত মদিনাগামী ফ্লাইটের কার্যক্রম ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।