1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
ডিসেম্বরে হাসিনা কি সত্যিই ফিরবেন নাকি এটি স্টান্টবাজি? - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
বগুড়ায় ২৭০০ কোটির প্রকল্প, নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা ঋণ নয়, অনুদান চাই; জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ বরাদ্দ করা উচিত আ.লীগের কাছে তথ্য ফাঁস, এসপি জাহাঙ্গীরের দুই মোবাইল ফোন জব্দ ডলারের দাম বেড়ে ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ ভারতের ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটন-চিকিৎসা-ব্যবসায় সুখবর ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সেদিন বারিধারা কার দরবারে হাজিরা দিয়েছিলেন, জামায়াত আমিরের উদ্দেশে প্রশ্ন ‘কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে’

ডিসেম্বরে হাসিনা কি সত্যিই ফিরবেন নাকি এটি স্টান্টবাজি?

Reporter Name
  • আপডেটের সময়: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১০ সময় দেখুন

জুলাই গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে চান। এ লক্ষ্যে তিনি আত্মবিশ্বাসী। আওয়ামী লীগের নির্বাসিত নেতাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। যদিও আইনি ও রাজনৈতিক বাস্তবতা ভিন্ন।

চলতি সপ্তাহে নতুন পাসপোর্টের জন্য আবেদন করার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনার দেশে ফেরার বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে স্বেচ্ছানির্বাসনে রয়েছেন হাসিনা। ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি ভারতে যান। এরপর থেকে দিল্লিতে অবস্থান করছেন।

গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছাত্র আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযানের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। ওই দমন-পীড়নে আনুমানিক ১৪০০ মানুষের মৃত্যু হয়েছিল।

হাসিনার দেশে ফেরা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন অস্থিরতা তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ, তার দল আওয়ামী লীগের কার্যক্রম এখনো নিষিদ্ধ এবং দলটির হাজার হাজার নেতাকর্মী কারাগারে রয়েছেন। দেশে ফিরলে শেখ হাসিনাকে তাৎক্ষণিক গ্রেফতার করা হতে পারে।

গত আগস্টেই দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন শেখ হাসিনা। এবার ভারতে নির্বাসিত আওয়ামী লীগের কয়েকজন নেতা গার্ডিয়ানকে জানিয়েছেন, আগামী মাসে দেশে ফেরার ব্যাপারে তিনি বেশ আত্মবিশ্বাসী। তার ফেরার প্রস্তুতি হিসেবে দলের আরও কয়েকজন নেতা ইতোমধ্যে বাংলাদেশে ফিরে গেছেন বলেও জানান তারা।

সোমবার শেখ হাসিনার পক্ষে এক ব্রিটিশ আইনজীবী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি পাঠান। দ্রুত এসব নথি দেওয়ার অনুরোধ জানিয়ে লেখা ওই চিঠিটি গার্ডিয়ানের হাতে এসেছে।

আরও পড়ুনঃ  রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার

কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের এক নেতা বলেন, শেখ হাসিনা সত্যিই দেশে ফিরতে চান বলেই পাসপোর্টের আবেদন করেছেন। তার মতে, নতুন পাসপোর্ট না পেলে দেশে ফেরার সুযোগ তৈরি করতে ট্রাভেল পাশের জন্য আবেদন করবেন তিনি।

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায়ের পর থেকেই তাকে প্রত্যর্পণের জন্য ভারতের ওপর চাপ দিয়ে আসছে বাংলাদেশ সরকার। তবে ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনার ঘনিষ্ঠ মিত্র ভারত এখনো বাংলাদেশের এ দাবি উপেক্ষা করে আসছে। এতে দুদেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।

চলতি সপ্তাহে বাংলাদেশ সরকার জানিয়েছে, ‘সন্ত্রাসী’ হিসেবে বিবেচিত শেখ হাসিনাকে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় কেবল ‘গ্রহণযোগ্য বন্দিবিনিময়ের’ মাধ্যমে দেশে ফেরার সুযোগ দেওয়া হতে পারে।

অন্যদিকে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম বলেছেন, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হওয়ায় তার নতুন পাসপোর্ট পাওয়ার কোনো আইনি সুযোগ নেই। তার দাবি, রায়ের বিরুদ্ধে আপিলের সময়সীমা পেরিয়ে যাওয়ায় দেশে ফিরলে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড কার্যকরের মুখোমুখি হতে হবে।

এদিকে আওয়ামী লীগের নির্বাসিত নেতাদের দাবি, দলের সব নেতাই শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান। তাদের অনেকে অনুপস্থিতিতে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হলেও দেশে ফিরে রাজনৈতিকভাবে লড়াই চালিয়ে যেতে প্রস্তুত।

আরও পড়ুনঃ  মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত

দলের এক জ্যেষ্ঠ নেতা বলেন, তাদের অনেককে অনুপস্থিতিতে সাজা দেওয়া হয়েছে এবং দেশে ফিরলে কারাগারে যেতে হবে, তা তারা জানেন। তারপরও নিজেদের মানুষের কাছে ফিরে গিয়ে রাজনৈতিকভাবে লড়াই করতে চান তারা।

দলের সাবেক সংসদ সদস্য মুস্তাক আহমেদ রুহি গত সেপ্টেম্বরে দেশে ফেরার পরপরই গ্রেফতার হন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত একটি কথিত হত্যাকাণ্ডের মামলায় তার বিরুদ্ধে বিচার চলছে।

এদিকে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা নিয়মিত কলকাতায় বৈঠক করছেন। তাদের অনেককে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে দিল্লিতেও ডাকা হয়।

চলতি সপ্তাহে বার্তা সংস্থা এপিকে ই-মেইলে শেখ হাসিনা বলেন, ‘মৃত্যুই যদি আমার নিয়তি হয়, তাহলে আমি নিজের দেশের মাটিতে, নিজের মানুষের মধ্যে মরতে চাই।’

এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, শেখ হাসিনার বিচারের মামলার রায় হয়ে গেছে। তিনি একজন সন্ত্রাসী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তাকে বন্দিবিনিময় চুক্তির আওতায় ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে হুমায়ুন কবির আরও বলেন, শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি। একজন সাজাপ্রাপ্ত আসামি, হত্যাকারী তো এ আবেদন করতে পারেন না।

তিনি আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাইলে তাকে ভারতের সঙ্গে বন্দিবিনিময় চুক্তির আওতায় ফিরতে হবে। শুধু অর্থের জন্য কোনো লবিস্ট তার হয়ে কাজ করলে তাদের নৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন রয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ভারতকে স্পষ্টভাবে জানিয়েছে, বন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে।

আরও পড়ুনঃ  দেশের সব এসপির সঙ্গে বৈঠক, নির্দেশনা-সতর্কবার্তা আইজিপির

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ যুগান্তরকে বলেন, হাসিনা দেশে ফিরে আসবেন-এমন বক্তব্য মূলত রাজনৈতিক ‘স্টান্টবাজি’। কার্যক্রম নিষিদ্ধ দলটি তাদের কর্মীদের চাঙা করতে এবং দেশের মধ্যে অস্থিরতা তৈরির চেষ্টা ছাড়া আর কিছুই করতে পারবে না। নানা অপতৎপরতার মাধ্যমে চাপ সৃষ্টির কৌশল নেওয়া হচ্ছে। তিনি বলেন, হাসিনার হাতে যখন পুলিশ-প্রশাসনসহ সবকিছুর নিয়ন্ত্রণ ছিল, তখনই তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। এখন তার দেশে ফেরার মতো শক্তি-সামর্থ্য আছে বলে মনে হয় না। ডিসেম্বর ঘিরে যেসব শঙ্কা তৈরি হচ্ছে, তা মোকাবিলায় সরকার রয়েছে। তবে হাসিনা ফিরতে চাইলে জনগণই প্রতিরোধ গড়ে তুলবে।

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল যুগান্তরকে বলেন, ইতিহাসে এমন কোনো নজির নেই, যেখানে গণ-অভ্যুত্থানের মুখে সংসদ, মন্ত্রিপরিষদসহ সরকার পালিয়ে যাওয়ার পর কোনো অনুশোচনা বা ক্ষমাপ্রার্থনা ছাড়াই তারা আবার ফিরে আসতে পেরেছে। দেশে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে আওয়ামী লীগের অবশিষ্ট দোসররা এসব অপপ্রচার ছড়াচ্ছে। সাধারণ মানুষ এসব কথায় কান দিচ্ছে না। তার মতে, শেখ হাসিনার সাহসের একমাত্র উৎস ছিল ফ্যাসিস্ট ক্ষমতাকাঠামো, যা এখন বিলুপ্ত।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST