
মাটির বুকে ছোট্ট একটি উজ্জ্বল হলুদ বিন্দু। সেটি দেখেই কৌতূহল নিয়ে খোঁড়াখুঁড়ি শুরু করেন অস্ট্রেলিয়ার এক শৌখিন অনুসন্ধানকারী। আর তাতেই মিলল প্রায় ১ কোটি ৮৩ লাখ থেকে ১ কোটি ৯৫ লাখ টাকা মূল্যের স্বর্ণের খণ্ড। ব্যক্তিগত সংগ্রাহকের কাছে বিক্রি করতে পারলে এর দাম উঠতে পারে প্রায় ২ কোটি ৪৪ লাখ টাকা।
সম্প্রতি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত শহর টিবুবুরার কাছে মাউন্ট স্টুয়ার্ট স্টেশনে এ ঘটনা ঘটে। দেশটির সংবাদমাধ্যম এবিসি নিউজের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যক্তি কয়েক দিন ধরে সেখানে সোনা খুঁজছিলেন। কিন্তু মূল্যবান ধাতুর বদলে তার যন্ত্রে বারবার ধরা পড়ছিল পুরোনো পেরেক, ঘোড়ার খুর ও ব্যবহৃত গুলির মতো নানা জিনিস। এর মধ্যেই একদিন মাটিতে ক্ষীণ হলুদ আভা দেখতে পান তিনি। মাটি সরাতেই বেরিয়ে আসে আলুর মতো আকারের সোনার একটি খণ্ড।
স্বর্ণের খণ্ডটির ওজন প্রায় ১ দশমিক ২ কেজি। এতে রয়েছে আনুমানিক ৯৪০ গ্রাম বিশুদ্ধ স্বর্ণ। বিশেষজ্ঞরা শুধু ওজনের ভিত্তিতে এর দাম নির্ধারণ করেছেন দেড় লাখ থেকে ১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।
প্রতি মার্কিন ডলারের বিনিময়মূল্য আনুমানিক ১২২ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এর দাম দাঁড়ায় প্রায় ১ কোটি ৮৩ লাখ থেকে ১ কোটি ৯৫ লাখ ২০ হাজার টাকা। তবে কোনো ব্যক্তিগত সংগ্রাহকের কাছে বিক্রি করতে পারলে এর দাম ২ লাখ ডলার বা প্রায় ২ কোটি ৪৪ লাখ টাকা পর্যন্ত উঠতে পারে।
দুর্লভ এই সোনার খণ্ডটির নাম দেওয়া হয়েছে ‘টিবুবুরা স্পাড’। এর আকৃতি ও বিরলতার কারণে সংগ্রাহকদের কাছে এটি আরও বেশি দামে বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সোনার দলাটির আকারের তুলনায় শুরুতে অনুসন্ধানযন্ত্রে খুব জোরালো সংকেত পাননি ওই ব্যক্তি। তিনি জানান, প্রায় ১০০ মিলিমিটার বা ১০ সেন্টিমিটার গভীরে যাওয়ার পর যন্ত্রটি জোরে সংকেত দিতে শুরু করে।
মাটি সরানোর প্রথম বা দ্বিতীয় ধাপেই গর্তের মাঝখানে উজ্জ্বল হলুদ বিন্দুটি দেখতে পান তিনি। পরে আশপাশের মাটি খুঁড়ে কোয়ার্টজ পাথরের সঙ্গে মিশে থাকা স্বর্ণের খণ্ডটি বের করেন।
খননের সময় ধারণ করা ভিডিওতে দেখা যায়, লালচে মাটি থেকে স্বর্ণের খণ্ডটি তুলে উচ্ছ্বাস প্রকাশ করছেন ওই অনুসন্ধানকারী। তবে নিজের পরিচয় প্রকাশ করতে চাননি তিনি।
স্বর্ণের অনুসন্ধানে যন্ত্রের সংকেত পেলেই মূল্যবান কিছু পাওয়া যাবে, এমন নিশ্চয়তা নেই। অনেক সময় দীর্ঘ খোঁজাখুঁজির পরও মেলে কেবল পরিত্যক্ত ধাতব বস্তু। ওই অনুসন্ধানকারীর ক্ষেত্রেও কয়েক দিন ধরে এমনটাই ঘটছিল।