1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
ভারত থেকে আমদানি করা ১৮ কোচ হস্তান্তর, যুক্ত হবে ঢাকা-পাবনা রুটের ট্রেনে - দৈনিক লালবার্তা

ভারত থেকে আমদানি করা ১৮ কোচ হস্তান্তর, যুক্ত হবে ঢাকা-পাবনা রুটের ট্রেনে

Reporter Name
  • আপডেটের সময়: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৪ সময় দেখুন

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় ভারত থেকে আমদানি করা ১৮টি রেলকোচের কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও ট্রায়াল রান সম্পন্ন করে রেলওয়ের পাকশী ট্রাফিক বিভাগকে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে পাকশী রেলওয়ে বিভাগের প্রতিনিধিদের কাছে কোচগুলো হস্তান্তর করা হয়। কোচগুলো দিয়ে আগামী ১৯ নভেম্বর পাবনা থেকে ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেনের উদ্বোধন করা হবে এবং ২০ নভেম্বর বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে বলে জানিয়েছে রেলওয়ে কারখানা কর্তৃপক্ষ।

রেল কারখানা সূত্রে জানা যায়, আজকে রেলওয়ে পাকশী বিভাগের সহকারী যান্ত্রিক প্রকৌশলী মো. সাইফুল ইসলাম (সিএন্ডডাব্লু-২) ও ঈশ্বরদীর প্রধান ট্রেন পরীক্ষক তন্ময় সরকারের কাছে কোচগুলো হস্তান্তর করা হয়। পরে সেগুলো পাকশীর উদ্দেশে সৈয়দপুর থেকে ছেড়ে যায়।

আরও পড়ুনঃ  গণতন্ত্র সমুন্নত রাখতে শিল্পীদের কাজ করতে হবে, যাতে ফ্যাসিবাদ ফিরে না আসে

এর আগে গত ১৭ অক্টোবর ভোর ৪টার দিকে ভারত থেকে প্রথম চালানের ১৮ টি কোচ সৈয়দপুর রেলওয়ে কারখানায় পৌঁছায়। এরপর সেখানে বিশেষ ডিপ্রসেসিং, যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষা ও কমিশনিং কাজ করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে গত ৮ নভেম্বর রেলপথে ট্রায়াল রান করানো হয়।

পরীক্ষামূলক চলাচলের সময় ট্রেনে ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাপরিচালক (জিএম) আহম্মদ মাসুম, ভারত থেকে ২০০ কোচ আমদানি-সংক্রান্ত প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) জয়দুল ইসলাম ও সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদ। ট্রায়াল রান শেষে ওইদিন পঞ্চগড় থেকে আবার সৈয়দপুর রেলকারখানায় ফিরে আসে। পরে ট্রায়েল রানের ফলাফল মূল্যায়ন করে কিছু কারিগরি কাজ সম্পন্ন করা হয়।

আরও পড়ুনঃ  নতুন একটি থানা পাচ্ছে দেশ, আরও ৩ জেলার জন্য পৃথক সুপারিশ

এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদ বলেন, ভারতীয় কোচগুলোর নানা পরীক্ষা-নিরীক্ষা শেষে ট্রায়াল রান সম্পন্ন করা হয়েছে। ট্রায়াল রানে কারখানার প্রকৌশলীদের সঙ্গে ভারতীয় বিশেষজ্ঞ দল যুক্ত ছিলেন। তারা ট্রায়েল রানে গতিবেগসহ অন্যান্য কারিগরি দিক পরীক্ষা করেছেন। পরে ট্রায়েল রানের ফলাফল মূল্যায়ন করে কিছু কারিগরি কাজ সম্পন্ন করে কোচগুলোকে ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে। এখন কোচগুলো দিয়ে পাবনা-ঢাকা রুটে ট্রেন চলাচল করবে।

প্রসঙ্গত, ইউরোপীয় স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি এই কোচগুলোতে অ্যান্টি-টেলিস্কোপিক ও অ্যান্টি-ক্লাইম্বিং বৈশিষ্ট্য রয়েছে। ফলে দুর্ঘটনা বা সংঘর্ষের সময় কোচগুলো একে অপরের ওপর উঠে যাবে না। পুরোনো স্ক্রু কাপলিং ব্যবস্থার বদলে উন্নত সিবিসি কাপলিং থাকায় কোচগুলোতে ঝাঁকুনি অনেক কম হবে এবং ভ্রমণ হবে আরামদায়ক। এসব কোচে রয়েছে ছোট শিশুসহ যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে আলাদা শিশু পরিচর্যা বা বেবি কেয়ার রুম। কোচে প্রার্থনাকক্ষ বা নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ

এছাড়া বাংলাদেশের রেলওয়ের বাস্তব অবস্থা মাথায় রেখে অতিরিক্ত ওজন বহনের উপযোগী করে কোচগুলোর কাঠামো শক্তিশালী করা হয়েছে। কোচগুলোর অভ্যন্তরীণ সাজসজ্জা (ইন্টেরিয়র ডেকোরেশন) অনেক আধুনিক। আসনগুলোতে রয়েছে ফোল্ডিং ব্যবস্থা। কোচগুলোতে সুসংহত সিসিটিভি নজরদারি ব্যবস্থা এবং যাত্রীদের জরুরি প্রয়োজনের জন্য প্যাসেঞ্জার অ্যালার্ম সিস্টেম রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST