
রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেমেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বুধবার (২৮ অক্টোবর) সকালে অভিযানে মিরপুরের শাহ আলী সিটি মার্কেটের অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।
এর আগে, মিরপুর-১০ নম্বরের সড়কের ফুটপাত দখলমুক্ত করে ডিএনসিসি।
অভিযানকালে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, জনগণের হাঁটাচলার রাস্তা জনগণকে বুঝিয়ে দেওয়ার জন্যই এই অভিযান। প্রধানমন্ত্রীর অঙ্গীকারকে সামনে রেখে ঢাকাকে গ্রিন ও ক্লিন করা হবে।
তিনি আরও বলেন– যারা পালিয়ে গেছে, তারা ষড়যন্ত্র করে সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। কিন্তু সরকারকে কোনো ষড়যন্ত্রের শিকার হতে দেওয়া হবে না।
এ সময় শফিকুল ইসলাম খান জানান, রাজধানীর প্রত্যেক জায়গায় একটা একটা করে ফুটপাত উদ্ধার করা হবে। এজন্য নগরবাসীকে পাশে থাকার অনুরোধ জানান তিনি।