1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
ট্রাম্প প্রশাসনের ‘হিট লিস্টে’ ভারত - দৈনিক লালবার্তা
শিরোনামঃ

ট্রাম্প প্রশাসনের ‘হিট লিস্টে’ ভারত

নিজস্ব প্রতিবেদক-
  • আপডেটের সময়: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৭ সময় দেখুন

যুক্তরাষ্ট্রের নতুন দফার শুল্কের মুখে পড়তে যাচ্ছে ভারতসহ বিশ্বের ডজনখানেক দেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অভিযোগ, এসব দেশ তাদের নিজস্ব শিল্প উৎপাদনে ভর্তুকি ও সহায়তা দিয়ে মার্কিন কোম্পানিগুলোর ক্ষতি করছে। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর (ডব্লিউএসজে) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রস্তাবিত এই নতুন শুল্কের লক্ষ্যবস্তু হতে পারে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) বিশ্বের বেশ কয়েকটি বড় অর্থনীতির দেশ। ট্রাম্প প্রশাসনের কয়েক মাস ধরে চলা শুল্কসংক্রান্ত তদন্তের পর এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। চলতি সপ্তাহেই মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ার এই তদন্তের ফলাফল প্রকাশ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সংবাদমাধ্যম ‘ব্লুমবার্গ’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবারই (২৪ নভেম্বর) যুক্তরাষ্ট্র নতুন এই শুল্ক আরোপের ঘোষণা দিতে পারে। তবে এখন পর্যন্ত হোয়াইট হাউস বা ইউএসটিআরের পক্ষ থেকে এসব প্রতিবেদনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।

আরও পড়ুনঃ  দুবার চেষ্টা করেও ইসরাইলে ঢুকতে পারল না ইতিহাদের বিমান

১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ৩০১ ধারার অধীনে গত ১১ মার্চ ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়ন এবং আরও ১৩টি দেশের শিল্প ভর্তুকির বিষয়ে তদন্ত শুরু হয়েছিল। এই আইনের আওতায় কোনো দেশের অন্যায্য বাণিজ্য চর্চার প্রমাণ পেলে মার্কিন প্রেসিডেন্ট সে দেশের পণ্যের ওপর শুল্ক আরোপ করতে পারেন।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, জেমিসন গ্রিয়ার বলেছেন, এসব ভর্তুকি ও সরকারি সহায়তার কারণে সংশ্লিষ্ট দেশগুলোতে প্রয়োজনের অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা তৈরি হয়েছে। ফলে দেশগুলোর কোম্পানিগুলো কম দামে পণ্য ছেড়ে বিশ্ববাজার সয়লাব করে দিচ্ছে, যা মার্কিন উৎপাদকদের ক্ষতিগ্রস্ত করছে।

ইউএসটিআরের এ ঘোষণার ফলে লক্ষ্যবস্তু হওয়া দেশগুলোর পণ্যের ওপর উচ্চ হারের শুল্ক বসতে পারে এবং দেশগুলো থেকে রপ্তানি হওয়া অধিকাংশ পণ্যই এর আওতায় আসবে। তবে প্রতিবেদনে বলা হয়েছে, ইস্পাত, অ্যালুমিনিয়াম ও অটোমোবাইলের মতো কিছু শিল্পপণ্য এ শুল্কের বাইরে থাকতে পারে; কারণ সেগুলোর ওপর জাতীয় নিরাপত্তাসংক্রান্ত আলাদা আইনে আগেই শুল্ক আরোপ করা আছে।

আরও পড়ুনঃ  'আমরা ভিক্ষুক নই'— জোট গঠনে কম আসনের প্রস্তাবে কংগ্রেস নেতা

চূড়ান্ত শুল্কের হার এখনো স্পষ্ট নয়। তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বারবার বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের প্রথম দফার শুল্ক বাতিল করার আগে ২০২৫ সালে তিনি যে ধরনের শুল্ক নির্ধারণ করেছিলেন, এবারও তেমনই শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে তাদের।

এর আগে গত জুলাই মাসে বিদেশি সরবরাহব্যবস্থায় (সাপ্লাই চেইন) বাধ্যতামূলক শ্রম বা জবরদস্তিমূলক শ্রম ব্যবহারের বিষয়ে একটি তদন্ত শেষ করে ইউএসটিআর। ওই তদন্তের ভিত্তিতে ডজনখানেক বাণিজ্য অংশীদারের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের যৌক্তিকতা তুলে ধরা হয়। অতিরিক্ত উৎপাদনসংক্রান্ত তদন্তের আওতায় থাকা ১৬টি অর্থনীতির সব কটিই ওই তালিকায় ছিল। জুলাইয়ে ঘোষিত সেই শুল্কের সঙ্গেই নতুন এই শুল্ক যুক্ত হতে পারে।
ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি

আরও পড়ুনঃ  ইরানের হামলা-শেয়ারবাজারের দরপতনের জন্য ডেমোক্র্যাটরা দায়ী: ট্রাম্প

কয়েক মাস ধরে ভারত ও যুক্তরাষ্ট্র একটি অন্তর্বর্তীকালীন দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে, যার কাঠামো গত ফেব্রুয়ারিতে চূড়ান্ত হয়েছিল। তবে গত বছর আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের অধীনে আরোপিত শুল্ক সুপ্রিম কোর্ট বাতিল করে দেওয়ার পর বিষয়টি আবার আলোচনার টেবিলে ফিরে আসে।

এ চুক্তির আওতায় নয়াদিল্লি মার্কিন বাজারে নিজেদের পণ্যের জন্য বাংলাদেশ, ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো প্রতিযোগী দেশগুলোর তুলনায় কম শুল্কসুবিধা আদায়ের চেষ্টা করছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST