1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, ডিসেম্বর থেকে কার্যকর - দৈনিক লালবার্তা
শিরোনামঃ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, ডিসেম্বর থেকে কার্যকর

নিজস্ব প্রতিবেদক-
  • আপডেটের সময়: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৬ সময় দেখুন

গত দুইদিন টানা ২১ ঘণ্টা দীর্ঘ আলোচনা, দর কষাকষি ও গোপন ভোটের পরে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড, যা আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে। শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে বৈঠক শেষে দিবাগত রাত সাড়ে ৩টায় প্রেস ব্রিফিং এ কথা জানান নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন মজুরি বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ, মলিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব ও বিজিএমইএ’র পরিচালক এবিএম শামসুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।

চেয়ারম্যান জানান, প্রথমবারের মতো মজুরি বোর্ড ২০ দিনের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত করতে পেরেছে। দীর্ঘ আলোচনার পর মালিক ও শ্রমিকপক্ষ ঐক্যমতে পৌছতে পেরেছে। শিগগিরই তা গেজেটের জন্য পাঠানো হবে। এ জন্য বুধবারও মজুরি বোর্ড বৈঠক করবে।

আরও পড়ুনঃ  ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোলের হিসাবে গড়মিল, দুদকের অভিযান

তিনি আরও বলেন, ১-৩ গ্রেডে সর্বসম্মতিক্রমে মজুরি নির্ধারণ করা গেছে। ৪র্থ গ্রেড অর্থাৎ সর্বনিম্ন গ্রেডে মালিক ও শ্রমিকপক্ষ ঐকমত্যে পৌছাতে না পারায় শ্রম আইন অনুযায়ী গোপন ভোট নেওয়া হয়। সেই ভোটে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরির পক্ষে ৪ জন বোর্ড সদস্য ভোট দেন। বাকি দুই জন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন।

মজুরি বোর্ডের চেয়ারম্যান জানান, যেসব শ্রমিক ন্যূনতম মজুরির চাইতে ইতোমধ্যেই বেশি বেতন পান, সর্বসম্মতিক্রমে তাদের বেতন ন্যূনতম ২ হাজার টাকা সমন্বয় করার সিদ্ধান্ত হয়েছে। সক্ষমতার ভিত্তিতে কারখানাগুলো চাইলে এর বেশিও দিতে পারে। নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর হবে।

নতুন কাঠামো অনুযায়ী, ৪র্থ গ্রেডের শ্রমিকের (হেলপার, থ্রেড কাটার, লাইন অ্যাসিসটেন্ট) বেতন নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। ৩য় গ্রেডের (জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান, সুইং সহকারী) ১৯ হাজার ২০০ টাকা, দ্বিতীয় গ্রেডের (সেলাই, কাটিং, ফিনিশিং, কোয়ালিটি কন্ট্রোল অপারেটর; সিনিয়র হেলপার (বিশেষায়িত কাজের), সিনিয়র কলার জয়েন্টার, সিনিয়র কাফ মেকার) ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডের (সেলাই, কাটিং, আয়রনিং, ফিনিশিংয়ের সিনিয়র অপারেটর; প্যাটার্ন মেকার; স্যাম্পল মেকার; স্ক্রিন প্রিন্টার; সিনিয়র ডাইং অপারেটর) শ্রমিকের মজুরি ২১ হাজার ৫০০ টাকা।

আরও পড়ুনঃ  পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ঐকমত্যে পৌঁছাতে পারেনি মালিক-শ্রমিকপক্ষ

বৈঠক সূত্রে জানা গেছে, অনেক দরকষাকষির পর শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা করার চূড়ান্ত প্রস্তাব দিয়েছিলেন। শেষ পর্যন্ত বোর্ডের সদস্যের ভোটে ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত হয়েছে।

জানা গেছে, গত সোমবার মালিকপক্ষের দেওয়া প্রস্তাবের ওপর মঙ্গলবার দুপুর ২টা থেকে আলোচনা শুরু হয়। বিকাল ৪টায় সাংবাদিকদের ব্রিফিং করেন চেয়ারম্যান। নামাজ ও রাতের খাবারের বিরতি দিয়ে বৈঠক চলে রাত দেড় পর্যন্ত। এ সময় মোট ৬ দফা প্রস্তাব দেয় উভয়পক্ষ। সর্বশেষ রাত দেড়টায় সর্বসম্মতিক্রমে উভয়পক্ষ ঐক্যমতে পৌছায়।

শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার বলেন, বিগত দিনে শ্রমিক আন্দোলন হলে ‘নো ওয়ার্ক, নো পে’র আওতায় কারখানা বন্ধ করে দেওয়া হতো। এবার আন্দোলনের কারণে ৫০০-৬০০ কারখানা বন্ধ থাকলেও ‘নো ওয়ার্ক, নো পে’ ঘোষণা করা হয়নি। অতীতে আমরা আন্দোলন দমনে বুলেটের ব্যবহার দেখেছি, এবার তার ব্যতিক্রম ছিল। শ্রমিকদের গণহারে চাকরিচ্যুতও করা হয়নি।

আরও পড়ুনঃ  ব্যাংক পরিচালনায় আসছে বড় পরিবর্তন, পর্ষদে থাকছেন না মন্ত্রী-এমপিরা

শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের দাবির প্রেক্ষিতে মজুরি বোর্ড গঠন করার পরও অনেকে আন্দোলন করেছেন। আবার কেউ অন্য কারো স্বার্থে আন্দোলন করছেন। এ কারণে এখনও অসন্তোষ নিয়ন্ত্রণে আসেনি।

তিনি আরও বলেন, মজুরি ঘোষণার পরও কোন সংগঠনের নামে আন্দোলন করা হলে তার দায় ওই সংগঠনকেই নিতে হবে। এর বাইরে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে রাষ্ট্র তার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

বাবুল আখতার জানান, আন্দোলনের সঙ্গে জড়িত শ্রমিক ছাঁটাই বন্ধ, গ্রেফতারকৃত শ্রমিকদের মুক্তি, মামলা প্রত্যাহার ও কাউকে হয়রানি না করতে মজুরি বোর্ড থেকে সরকারের কাছে সুপারিশ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST