1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
জীবনের প্রতিটি হকের ভারসাম্য রক্ষা করাই মুমিনের দায়িত্ব: কাবা শরিফের ইমাম - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন জীবনের প্রতিটি হকের ভারসাম্য রক্ষা করাই মুমিনের দায়িত্ব: কাবা শরিফের ইমাম পুলিশে আসছে বড় নিয়োগ, রাজস্ব খাতে সৃজন হচ্ছে সাড়ে ২৪ হাজারের বেশি পদ তাণ্ডবের পর এবার হাসিনাকে ফেরানোর দাবিতে কোটালীপাড়া আ.লীগের বিক্ষোভ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোলের হিসাবে গড়মিল, দুদকের অভিযান হাম উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু, দুই মাসে সর্বোচ্চ তিন মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন কেইন দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম ব্যাংক পরিচালনায় আসছে বড় পরিবর্তন, পর্ষদে থাকছেন না মন্ত্রী-এমপিরা ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই: ব্যাংক কর্তৃপক্ষ

জীবনের প্রতিটি হকের ভারসাম্য রক্ষা করাই মুমিনের দায়িত্ব: কাবা শরিফের ইমাম

বার্তা ডেস্কঃ-
  • আপডেটের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ০ সময় দেখুন

মানুষের জীবন নানা দায়িত্ব, ব্যস্ততা ও প্রত্যাশায় পরিপূর্ণ। কেউ জীবিকার প্রয়োজনে ছুটছেন, কেউ ইবাদত-বন্দেগিতে অধিক সময় ব্যয় করছেন, কেউবা পরিবার ও সমাজের দায়িত্ব পালনে নিজেকে ব্যস্ত রাখছেন। কিন্তু এসব দায়িত্ব পালন করতে গিয়ে কখনো নিজের শরীরের যত্ন নেওয়া হয় না, কখনো পরিবারের প্রাপ্য সময় দেওয়া হয় না, আবার কখনো পার্থিব ব্যস্ততায় আল্লাহর ইবাদতও অবহেলিত হয়ে পড়ে।

অথচ ইসলাম এমন কোনো জীবনব্যবস্থা শিক্ষা দেয় না, যেখানে একটি দায়িত্ব পালনের নামে অন্য দায়িত্বকে বিসর্জন দিতে হয়। ইসলাম শেখায় পরিমিতিবোধ, সংযম, ন্যায়পরায়ণতা ও সঠিক অগ্রাধিকার নির্ধারণের মাধ্যমে জীবন পরিচালনা করতে।

জীবনের এই গুরুত্বপূর্ণ দর্শনই তুলে ধরেছেন পবিত্র মক্কার মসজিদে হারামের ইমাম ও খতিব শায়খ ড. ইয়াসির বিন রাশিদ আদ-দাওসারি। তার বক্তব্যের মূল শিক্ষা হলো— ‘আল্লাহর হক, নিজের শরীরের হক, পরিবারের হক এবং সমাজের প্রতি দায়িত্ব যথাযথভাবে আদায় করার মধ্য দিয়েই একজন মুমিনের জীবনে প্রকৃত ভারসাম্য প্রতিষ্ঠিত হয়।’

মসজিদে হারামের জুমার খুতবায় জীবনের ভারসাম্যের গুরুত্ব

২০ নভেম্বর ২০২৬, শুক্রবার, ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি। পবিত্র মক্কার মসজিদে হারামে জুমার খুতবা প্রদান করেন শায়খ ড. ইয়াসির বিন রাশিদ আদ-দাওসারি। খুতবায় তিনি মুসল্লিদের তাকওয়া অবলম্বনের উপদেশ দেন এবং ভারসাম্য বা মধ্যপন্থাকে আল্লাহর নির্ধারিত বিধান, প্রজ্ঞা ও সৃষ্টিজগতের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে তুলে ধরেন।

তিনি বলেন, মহান আল্লাহ সমগ্র বিশ্বজগৎকে সুনির্দিষ্ট নিয়ম, নিখুঁত পরিমাপ ও ভারসাম্যের ভিত্তিতে পরিচালিত করছেন। সৃষ্টির প্রতিটি ক্ষেত্রে তার অসীম প্রজ্ঞা ও ক্ষমতার নিদর্শন বিদ্যমান। একইভাবে ইসলামও এমন একটি পূর্ণাঙ্গ জীবনবিধান, যা মধ্যপন্থা, সংযম, ন্যায়বিচার ও ভারসাম্যের শিক্ষা দেয়।

ইসলাম মানুষের আত্মিক চাহিদা ও শারীরিক প্রয়োজন, নিজের অধিকার ও অন্যের অধিকার এবং পরকালের প্রস্তুতি ও দুনিয়ার জীবন পরিচালনার মধ্যে সমন্বয় সাধন করতে শেখায়। এখানে কোনো বিষয়ে বাড়াবাড়ি কিংবা অবহেলার সুযোগ নেই। বরং প্রতিটি ক্ষেত্রে ন্যায়সংগত ও পরিমিত আচরণই ইসলামের প্রত্যাশা। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মধ্যপন্থী জাতি হিসেবে উল্লেখ করেছেন। ইরশাদ হয়েছে—

وَكَذَٰلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِّتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا

‘আর এভাবেই আমি তোমাদের মধ্যপন্থি উম্মত করেছি, যাতে তোমরা মানবজাতির ওপর সাক্ষী হও এবং রাসুল তোমাদের ওপর সাক্ষী হন।’ (সুরা আল-বাকারা: আয়াত ১৪৩)

এই আয়াতের শিক্ষা হলো, মুসলমানের জীবন হতে হবে ন্যায়, সংযম ও ভারসাম্যপূর্ণ। কোনো বিষয়ে সীমালঙ্ঘন কিংবা দায়িত্ব পালনে অবহেলা— কোনোটিই কাম্য নয়।

খুতবায় শায়খ ইয়াসির আদ-দাওসারি ভারসাম্যের একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা তুলে ধরেন। তার বক্তব্য অনুযায়ী, জীবনের প্রতিটি কাজের জন্য সমান সময় বরাদ্দ করাই ভারসাম্য নয়। বরং কোন কাজটি বেশি গুরুত্বপূর্ণ, কোন দায়িত্বটি আগে পালন করতে হবে এবং কোন অধিকারের গুরুত্ব কতটুকু— তা সঠিকভাবে উপলব্ধি করাই প্রকৃত ভারসাম্য।

আরও পড়ুনঃ  ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

তিনি বলেন, মানুষের জীবনে সব দায়িত্বের গুরুত্ব ও প্রয়োজন এক রকম নয়। তাই শরিয়তের নির্দেশনা অনুযায়ী ফরজ কাজকে নফল কাজের ওপর, অপরিহার্য প্রয়োজনকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর এবং অধিক গুরুত্বপূর্ণ দায়িত্বকে কম গুরুত্বপূর্ণ কাজের আগে স্থান দিতে হবে।

এ ক্ষেত্রে শুধু প্রচলিত অভ্যাস কিংবা ব্যক্তিগত ইচ্ছাকে প্রাধান্য দিলে চলবে না। বরং প্রতিটি কাজের উপকারিতা, ক্ষতিকর দিক এবং ভবিষ্যৎ পরিণতি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে।

অর্থাৎ, একজন মানুষ সারাদিন ব্যস্ত থাকলেই তিনি দায়িত্বশীল—এমন নয়। বরং তাঁর ব্যস্ততার মধ্যে সঠিক কাজ, সঠিক সময় এবং সঠিক অগ্রাধিকার কতটা বজায় রয়েছে, সেটিই গুরুত্বপূর্ণ।

আল্লাহ, নিজের শরীর ও পরিবারের অধিকার আদায় করতে হবে

জীবনের ভারসাম্য বোঝাতে খতিব সাহাবি হজরত সালমান ফারসি (রা.) ও হজরত আবু দারদা (রা.)-এর ঐতিহাসিক ঘটনাটি স্মরণ করিয়ে দেন।

হজরত সালমান ফারসি (রা.) একবার হরজত আবু দারদা (রা.)-এর বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীকে অনাদর ও অযত্নের অবস্থায় দেখতে পান। কারণ, হজরত আবু দারদা (রা.) ইবাদত-বন্দেগিতে এত বেশি সময় ব্যয় করতেন যে পরিবারের প্রয়োজনীয় বিষয়গুলোও উপেক্ষিত হচ্ছিল।

একপর্যায়ে হজরত সালমান ফারসি (রা.) তাকে খাবার গ্রহণ করতে বলেন। কিন্তু তিনি রোজা থাকার কথা জানালে হজরত সালমান (রা.) তার সঙ্গে খাবার গ্রহণের জন্য জোর দেন। রাতে হজরত আবু দারদা (রা.) নফল নামাজ আদায় করতে উঠলে হজরত সালমান (রা.) তাকে বিশ্রাম নিতে বলেন। রাতের শেষভাগে তাকে জাগিয়ে দুজন একসঙ্গে নামাজ আদায় করেন।

এরপর হজরত সালমান (রা.) তাকে বলেন—

إِنَّ لِرَبِّكَ عَلَيْكَ حَقًّا، وَلِنَفْسِكَ عَلَيْكَ حَقًّا، وَلِأَهْلِكَ عَلَيْكَ حَقًّا، فَأَعْطِ كُلَّ ذِي حَقٍّ حَقَّهُ

‘নিশ্চয়ই তোমার ওপর তোমার রবের অধিকার রয়েছে, তোমার নিজের অধিকার রয়েছে এবং তোমার পরিবারেরও অধিকার রয়েছে। সুতরাং প্রত্যেক অধিকারীকে তার প্রাপ্য অধিকার দাও।’

পরে হজরত আবু দারদা (রা.) মহানবী (সা.)-এর কাছে ঘটনাটি বর্ণনা করলে রাসুলুল্লাহ (সা.) বলেন—

صَدَقَ سَلْمَانُ

‘সালমান সত্য বলেছে।’ (বুখারি ১৯৬৮, ৭৫)

এই হাদিস একজন মুমিনের জীবনের দায়িত্ব ও কর্তব্যের অসাধারণ ভারসাম্য তুলে ধরে। আল্লাহর ইবাদত অবশ্যই সর্বাধিক গুরুত্বপূর্ণ; কিন্তু সেই ইবাদতের নামে নিজের শরীরের প্রয়োজন, বিশ্রাম, পরিবারের সদস্যদের প্রাপ্য ভালোবাসা ও যত্ন উপেক্ষা করা ইসলাম সমর্থন করে না।

একই শিক্ষা পাওয়া যায় মহানবী (সা.)-এর আরেকটি হাদিসে। তিনি হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.)-কে অতিরিক্ত নফল ইবাদতের ক্ষেত্রে সংযমের নির্দেশ দিয়ে বলেন—

فَإِنَّ لِجَسَدِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّ لِعَيْنِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّ لِزَوْجِكَ عَلَيْكَ حَقًّا»

‘নিশ্চয়ই তোমার শরীরের ওপর তোমার অধিকার রয়েছে, তোমার চোখের ওপর তোমার অধিকার রয়েছে এবং তোমার স্ত্রীরও তোমার ওপর অধিকার রয়েছে।’ (বুখারি ৫১৯৯)

আরও পড়ুনঃ  ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

এখানে স্পষ্ট যে, ইসলাম ইবাদতে উৎসাহিত করার পাশাপাশি শারীরিক সুস্থতা, বিশ্রাম এবং পারিবারিক দায়িত্ব পালনের প্রতিও গুরুত্ব দিয়েছে।

খুতবায় ভারসাম্যপূর্ণ জীবন পরিচালনার বিষয়টি বোঝাতে শায়খ একটি সুন্দর উপমা তুলে ধরেন। তিনি মানুষের জীবনকে উত্তাল সমুদ্রে চলমান জাহাজের সঙ্গে তুলনা করেন।

সমুদ্রে কখনো বড় ঢেউ ওঠে, কখনো ঝড় আসে, আবার কখনো প্রতিকূল আবহাওয়ার কারণে জাহাজের চলার পথ কঠিন হয়ে পড়ে। কিন্তু এসব কারণে জাহাজের যাত্রা থেমে থাকে না। বরং দক্ষ নাবিক পরিস্থিতি বুঝে দিকনির্দেশনা ঠিক করেন এবং সতর্কতার সঙ্গে জাহাজকে গন্তব্যের দিকে এগিয়ে নেন।

মানুষের জীবনও ঠিক তেমন। কখনো জীবিকার চাপ, কখনো পারিবারিক সমস্যা, কখনো অসুস্থতা, আবার কখনো সামাজিক ও পেশাগত দায়িত্ব জীবনে নানা সংকট তৈরি করে। এসব পরিস্থিতিতে হতাশ কিংবা দিশেহারা না হয়ে ধৈর্য, প্রজ্ঞা ও সঠিক অগ্রাধিকারের ভিত্তিতে সামনে এগিয়ে যেতে হবে।

প্রতিকূলতা জীবনের অংশ। তাই ভারসাম্যপূর্ণ মানুষ তিনি নন, যার জীবনে কোনো সমস্যা নেই; বরং তিনি, যিনি সমস্যার মধ্যেও দায়িত্ব ও কর্তব্যের সঠিক সমন্বয় বজায় রাখতে পারেন।

সংবাদ প্রচারের আগে সত্যতা যাচাই করা জরুরি

ব্যক্তিগত জীবনের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনের বিষয়টিও গুরুত্বপূর্ণ। কোনো সংবাদ, বক্তব্য কিংবা তথ্য অন্যের কাছে পৌঁছে দেওয়ার আগে তার সত্যতা যাচাই করতে হবে।

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে মুহূর্তের মধ্যে একটি সংবাদ লাখো মানুষের কাছে পৌঁছে যায়। কিন্তু সব সংবাদ সত্য নয়। যাচাই না করে কোনো তথ্য প্রচার করলে নিরপরাধ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন, সমাজে বিভ্রান্তি তৈরি হতে পারে এবং পারস্পরিক সম্পর্ক নষ্ট হতে পারে। এ বিষয়ে পবিত্র কুরআনে মহান আল্লাহর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে—

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنُوا أَنْ تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَىٰ مَا فَعَلْتُمْ نَادِمِينَ

‘হে মুমিনগণ! যদি কোনো পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে তোমরা তা যাচাই করে দেখবে; যাতে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতি করে না বসো এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও।’ (সুরা আল-হুজুরাত: আয়াত ৬)

এই আয়াতের শিক্ষা শুধু সংবাদ গ্রহণের ক্ষেত্রে নয়, বরং সংবাদ প্রচার, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট শেয়ার এবং অন্যের সম্পর্কে মন্তব্য করার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

একজন দায়িত্বশীল মুসলমান কখনো গুজব ছড়াবেন না, যাচাইহীন তথ্য প্রচার করবেন না এবং অন্যের সম্মানহানির কারণ হবেন না।

মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি বজায় রাখার আহ্বান

খুতবায় মুসলমানদের পারস্পরিক ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্বের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। মতপার্থক্য কিংবা বিভিন্ন পরিস্থিতিতে মতের অমিল দেখা দিতে পারে। কিন্তু এসব কারণে পারস্পরিক সম্পর্ক নষ্ট করা কিংবা মুসলিম সমাজে বিভেদ সৃষ্টি করা উচিত নয়।

আরও পড়ুনঃ  ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

মুসলমানদের উচিত একে অপরের প্রতি দায়িত্বশীল আচরণ করা, পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং ঐক্য অটুট রাখার চেষ্টা করা। এ প্রসঙ্গে মহান আল্লাহ ইরশাদ করেন—

وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا

‘তোমরা সবাই আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না।’ (সুরা আল-ইমরান: আয়াত ১০৩)

এ আয়াত মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার এবং পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়।

দুনিয়া ও আখিরাতের মধ্যে সমন্বয়ই ইসলামের শিক্ষা

ইসলাম মানুষকে দুনিয়া ত্যাগ করে শুধু আখিরাতের চিন্তায় জীবন কাটাতে বলে না। আবার দুনিয়ার মোহে পড়ে আখিরাত ভুলে যাওয়ার শিক্ষাও দেয় না। বরং দুনিয়ার দায়িত্ব পালন করে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করতে উৎসাহিত করে। মহান আল্লাহ বলেন—

وَابْتَغِ فِيمَا آتَاكَ اللَّهُ الدَّارَ الْآخِرَةَ وَلَا تَنْسَ نَصِيبَكَ مِنَ الدُّنْيَا وَأَحْسِنْ كَمَا أَحْسَنَ اللَّهُ إِلَيْكَ وَلَا تَبْغِ الْفَسَادَ فِي الْأَرْضِ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُفْسِدِينَ

‘আল্লাহ তোমাকে যা দান করেছেন, তা দিয়ে আখিরাতের আবাস অনুসন্ধান করো। তবে দুনিয়া থেকে তোমার অংশ ভুলে যেয়ো না। আর আল্লাহ তোমার প্রতি যেমন অনুগ্রহ করেছেন, তুমিও তেমন অনুগ্রহ করো। পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে চেয়ো না। নিশ্চয়ই আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদের ভালোবাসেন না।’ (সুরা আল-কাসাস: আয়াত ৭৭)

এই আয়াতের আলোকে বোঝা যায়, একজন মুমিনের জীবন হবে দায়িত্বশীল ও কল্যাণমুখী। তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করবেন, হালাল উপায়ে জীবিকা উপার্জন করবেন, পরিবারকে সময় দেবেন, নিজের সুস্থতার প্রতি যত্নবান হবেন এবং সমাজের কল্যাণে ভূমিকা রাখবেন।

ব্যস্ততা নয়, দায়িত্ব পালনের সঠিক পদ্ধতিই জীবনের সার্থকতা

মানুষের জীবন খুবই সীমিত। এই সীমিত সময়ের মধ্যে আল্লাহর ইবাদত, জীবিকা অর্জন, নিজের শরীরের যত্ন, পরিবারের প্রতি ভালোবাসা ও দায়িত্ব এবং সমাজের কল্যাণ—সবকিছুরই গুরুত্ব রয়েছে।

কেবল বেশি ইবাদত করলেই দায়িত্বশীলতার সবটুকু পূর্ণ হয় না, আবার শুধু দুনিয়াবি সফলতা অর্জন করেও প্রকৃত সাফল্য পাওয়া সম্ভব নয়। বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নির্দেশনা অনুযায়ী সঠিক অগ্রাধিকার নির্ধারণ করতে হবে।

নিজের শরীরকে অবহেলা না করে সুস্থ রাখতে হবে, পরিবারকে সময় দিতে হবে, হালাল উপার্জনের চেষ্টা করতে হবে, ইবাদতে নিষ্ঠাবান হতে হবে এবং সমাজে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।

মসজিদে হারামের খতিব শায়খ ড. ইয়াসির আদ-দাওসারির খুতবার মূল বার্তাও আমাদের সেই শিক্ষাই দেয়—জীবনের প্রকৃত ভারসাম্য হলো, কোনো অধিকারের প্রতি অবিচার না করে প্রত্যেক অধিকারীকে তার প্রাপ্য বুঝিয়ে দেওয়া।

মনে রাখতে হবে, সুন্দর জীবন মানে শুধু ব্যস্ত জীবন নয়; বরং যে জীবনে আল্লাহর সন্তুষ্টি, নিজের সুস্থতা, পরিবারের প্রশান্তি এবং মানুষের কল্যাণ একসঙ্গে স্থান পায়, সেই জীবনই প্রকৃত অর্থে ভারসাম্যপূর্ণ ও সফল জীবন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST