1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দিনে লাখ গাড়ি, টোলের হিসাবে ৭০-৭৫ হাজার! - দৈনিক লালবার্তা

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দিনে লাখ গাড়ি, টোলের হিসাবে ৭০-৭৫ হাজার!

Reporter Name
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৪ সময় দেখুন

রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে প্রতিদিন এক লাখের বেশি যানবাহন চলাচল করলেও টোল আদায়ের হিসাবে দেখানো হচ্ছে ৭০ থেকে ৭৫ হাজার। প্রকৃত যানবাহনের সংখ্যা গোপন করে সরকারের রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। পুলিশের বিশেষ শাখার (এসবি) এক গোপন অনুসন্ধানেও দৈনিক প্রায় এক লাখ যানবাহন চলাচলের তথ্য উঠে এসেছে। অথচ প্রকৃত সংখ্যা ৮০ হাজারের নিচে দেখাতে কিছু গাড়ির টোল ম্যানুয়ালি আদায় করে কেন্দ্রীয় সফটওয়্যার বা ডিজিটাল ব্যবস্থায় তথ্য অন্তর্ভুক্ত না করার অভিযোগ রয়েছে।

এসবির প্রতিবেদনে বলা হয়েছে, ব্যস্ত সময়ে অনলাইন রসদ না দিয়ে টোল আদায় এবং একই রসিদ একাধিক গাড়ির ক্ষেত্রে পুনর্ব্যবহারের অভিযোগও পাওয়া গেছে। গত ৩ সেপ্টেম্বর সেতু বিভাগে দেওয়া প্রতিবেদনে শুধু টোল আদায়ের অনিয়ম নয়, অনুমোদন ছাড়া পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব তৃতীয় পক্ষকে দেওয়া এবং বাংলাদেশি কর্মকর্তা-কর্মচারীদের পদাবনতি ও চাকরিচ্যুতির বিষয়ও তুলে ধরা হয়েছে।

আরও পড়ুনঃ  ভিসাপ্রত্যাশীদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিল ঢাকাস্থ মার্কিন দূতাবাস

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে একটি সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) প্রকল্প। চুক্তি অনুযায়ী, টানা ১৫ দিন দৈনিক ৮০ হাজারের বেশি যানবাহন চলাচল করলে অতিরিক্ত যানবাহনের টোল থেকে পাওয়া অর্থের ২৫ শতাংশ পাবে সরকার। অন্যদিকে দৈনিক যানবাহন চলাচল সাড়ে ১৩ হাজারের নিচে নেমে গেলে পরিচালনাকারী প্রতিষ্ঠান ভর্তুকি পাওয়ার কথা।

সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, চালুর পর তিন বছরে মোট ২১ দিন ৮০ হাজারের বেশি যানবাহন চলাচল করেছে। তবে তা টানা ১৫ দিন ছিল না। ম্যানুয়ালি বা সনাতনী পদ্ধতিতে টোল নেওয়া গাড়ির হিসাবও রাখা হচ্ছে। এসবির প্রতিবেদনে সন্দেহ প্রকাশ করা হয়েছে, তা ভুল বলা হচ্ছে না। টোল আদায় ঠিকভাবে হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা হবে।

প্রকল্প পরিচালক মো. গোলাম মর্তুজা বলেন, আমি নতুন যোগ দিয়েছি। তাই অনিয়মের অভিযোগ সম্পর্কে আমার জানা নেই। তবে যানবাহন চলাচলের বিষয়ে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের দেওয়া তথ্যের সঙ্গে আমাদের তথ্যের মিল রয়েছে।

আরও পড়ুনঃ  হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ

এদিকে এক্সপ্রেসওয়ের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। গত বছর এফডিইই টোল আদায়সহ পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজে শ্যানডং হাইস্পিড ইন্টারন্যাশনাল অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স প্রাইভেট লিমিটেড নামে আরেকটি চীনা প্রতিষ্ঠানকে যুক্ত করে। এরপর এফডিইইর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা বাংলাদেশিদের সরিয়ে চীনা নাগরিকদের নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশি কর্মীদের পদাবনতি ও চাকরিচ্যুতির ঘটনাও ঘটে। গত ঈদুল আজহার আগে নয়জন বাংলাদেশি কর্মীকে চাকরিচ্যুত করা হয়।

কর্মীদের অভিযোগ, তাদের কখন এফডিইই থেকে শ্যানডং হাইস্পিডে স্থানান্তর করা হয়েছে, তা জানানো হয়নি। পিপিপি চুক্তি অনুযায়ী এফডিইইর টোল আদায়ের কথা। এ দায়িত্ব অন্য প্রতিষ্ঠানকে দিতে হলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) অনুমতি প্রয়োজন। তবে সে অনুমতি নেওয়া হয়নি।

বিবিএর চিঠিপত্র পর্যালোচনায় দেখা যায়, শ্যানডং হাইস্পিডের আইনি অবস্থান জানতে গত ১৩ সেপ্টেম্বর এফডিইইকে চিঠি দেয় সংস্থাটি। ২৮ সেপ্টেম্বর জবাবে এফডিইই জানায়, শ্যানডং হাইস্পিড আলাদা নিবন্ধন নিলেও পরিচালনা ও রক্ষণাবেক্ষণের আনুষ্ঠানিক দায়িত্ব পায়নি। এসব দায়িত্ব এফডিইই একাই পালন করছে। তবে গত বছরের ২৯ অক্টোবরের এক চিঠিতে শ্যানডং হাইস্পিড নিজেকে এফডিইইর সঙ্গে চুক্তিবদ্ধ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে।

আরও পড়ুনঃ  দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

এসবির প্রতিবেদনে আরও বলা হয়েছে, যথাযথ সম্মতি ছাড়াই শ্যানডং হাইস্পিড টোল আদায় করছে। প্রতিষ্ঠানটির দেওয়া উত্তর বাড্ডার ঠিকানায় কার্যালয় পাওয়া যায়নি। তারা এফডিইইর কুড়িলের ঠিকানা থেকে কার্যক্রম চালাচ্ছে। এ ছাড়া ট্রেড লাইসেন্স নবায়ন না করা, শ্রম আইন ও দেশি-বিদেশি কর্মীর অনুপাত না মানা এবং কয়েকজন বিদেশি নাগরিকের বৈধ ওয়ার্ক পারমিট না থাকার অভিযোগও রয়েছে।

তবে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, বিনিয়োগকারী প্রতিষ্ঠান টোল আদায়ের কাজে নিজেদের সুবিধামতো কাউকে নিয়োগ দিতে পারে। অন্যদিকে এফডিইইর প্রশাসন ব্যবস্থাপক সিয়াং শোয়াইনান বলেন, প্রকল্পের কর্তৃপক্ষ বিবিএ। তাই যেকোনো বিষয়ে জানতে হলে বিবিএর মাধ্যমে তাঁদের সঙ্গে আলোচনা করতে হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST