1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
বাংলাদেশ নিয়ে সুর বদল বিজেপির, নেতাদের সংযত থাকার বার্তা শমীকের - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
জাতীয় পর্যায়ে লালমনিরহাটের শ্রমিক নেতার উত্থান, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটিতে সাইদুল ইসলাম শুধু আইন দিয়ে নারী নির্যাতন বন্ধ করা সম্ভব নয় : চট্টগ্রাম ডিসি মাদক সেবন দেখে ফেলায় নয়; টাকা চুরি করতেই হত্যা করা হয় পুরো পরিবারকে চেক প্রতারণা মামলায় রিজেন্ট ফেব্রিক্সের এমডি ও চেয়ারম্যানের কারাদণ্ড বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ, বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার শেখ হাসিনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল গ্রেফতার দাম বাড়ল সয়াবিন তেলের, লিটারে কত টাকা? ১৬ ডিসেম্বর ভারতে বিমানের ফ্লাইট যাবে কিনা, শিডিউলে যে তথ্য

বাংলাদেশ নিয়ে সুর বদল বিজেপির, নেতাদের সংযত থাকার বার্তা শমীকের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৬ সময় দেখুন

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের একের পর এক কড়া মন্তব্যের মধ্যেই এবার দলের নেতাকর্মীদের সংযত থাকার বার্তা দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের পরিস্থিতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্তিয়ারভুক্ত। এ বিষয়ে বক্তব্য দেওয়ার দায়িত্বও কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের।

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনার ঘোষণাকে ঘিরে দেশের রাজনৈতিক পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। বিভিন্ন এলাকায় বিএনপি ও নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি কয়েকটি এলাকায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বাড়িঘরে হামলার অভিযোগও উঠেছে। এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে প্রতিবেশী ভারত।

আরও পড়ুনঃ  অবসরের আগেই রাজনীতিতে ভারতীয় স্পিনার চাহাল, মোদির দলে পেলেন বড় পোস্ট

এমন পরিস্থিতিতে গত কয়েক দিন ধরে বাংলাদেশের ঘটনাবলি নিয়ে সরব পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা। রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যও বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে সাধারণ মানুষকে পথে নামার আহ্বান জানিয়েছিলেন। তার বক্তব্য ছিল, বাংলাদেশের নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে প্রতিবাদে শামিল হতে হবে।

তবে বুধবার তার বক্তব্যে কিছুটা ভিন্ন সুর শোনা যায়। শমীক বলেন, বাংলাদেশ সংক্রান্ত বিষয়টি সম্পূর্ণভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন। এ বিষয়ে যা বলার, পররাষ্ট্র মন্ত্রণালয়ই বলবে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, শমীকের বক্তব্যের পেছনে দলের কয়েকজন নেতার সাম্প্রতিক মন্তব্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী ও বিজেপি নেতা অর্জুন সিংয়ের মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  ট্রাম্প প্রশাসনের ‘হিট লিস্টে’ ভারত

অর্জুন সিং প্রকাশ্যে বলেছেন, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ নিয়ে নেওয়া হবে। বাংলাদেশের হিন্দুদের ওপর হামলার প্রতিশোধ নেওয়ার কথাও বলেছেন তিনি। তার এমন মন্তব্য ভারত-বাংলাদেশের সংবেদনশীল সম্পর্কের ক্ষেত্রে নতুন বিতর্ক তৈরি করেছে।

উল্লেখ্য, ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় চূড়ান্ত রূপ পায়। একই দিনে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন শেখ হাসিনা। ফলে অর্জুন সিংয়ের মন্তব্যের রাজনৈতিক ও কূটনৈতিক তাৎপর্য নিয়েও আলোচনা শুরু হয়েছে।

বিজেপির একাংশের বক্তব্য, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা রাজনৈতিক ও মানবিক দায়িত্ব। তবে প্রতিবেশী দেশের সার্বভৌমত্ব এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্কের বিষয়টি মাথায় রেখেই বক্তব্য দেওয়া উচিত।

আরও পড়ুনঃ  ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—ইরানকে অচলাবস্থায় রাখতে চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিজেপির সমালোচনার জবাব দিয়েছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তিনি বলেন, প্যালেস্টাইন বা ভিয়েতনামে সাম্রাজ্যবাদী আক্রমণের সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সংঘাতকে এক করে দেখা যায় না।

বাংলাদেশে বাংলাভাষী মানুষ আক্রান্ত হলে তারাও উদ্বিগ্ন বলে জানান সুজন। তবে তিনি মনে করেন, বাংলাদেশের পরিস্থিতি মোকাবিলার দায়িত্ব দেশটির সরকারের। ভারতের পক্ষ থেকে এ বিষয়ে যা বলার, তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই বলা উচিত।

সুজনের আরও বক্তব্য, বাংলাদেশের পরিস্থিতিকে ব্যবহার করে পশ্চিমবঙ্গে ধর্মীয় কিংবা রাজনৈতিক স্বার্থসিদ্ধির চেষ্টা করা অনুচিত ও বিপজ্জনক।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST