1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
‘টাকা ছাড়া কাজ হয় না’-ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত করার তাগিদ সংসদীয় কমিটির - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
২০ হাজার টাকায় শুরু এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা-পাঁচ বন্ধুর মুড়ির দোকান সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান ভূমিমন্ত্রীর আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে- ত্রাণমন্ত্রী শ্রমিকরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধ-বিজিএমইএ-বিকেএমই পিতার করা আইনেই শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই হজের কোটা আরও ২০ হাজার বাড়ানোর দাবি হাবের হঠাৎ প্রাক্তনের মুখোমুখি? অস্বস্তিকর পরিস্থিতি সামলাবেন যেভাবে বিদেশি বিনিয়োগ বাড়াতে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার যে ৫ কারণে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা অনিশ্চিত ক্ষমতা ছাড়ার আগে ইরানে হামলার ছক নেতানিয়াহুর

‘টাকা ছাড়া কাজ হয় না’-ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত করার তাগিদ সংসদীয় কমিটির

Reporter Name
  • আপডেটের সময়: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৩০ সময় দেখুন

টাকা ছাড়া কাজ হয় না-ভূমি অফিস নিয়ে সাধারণ মানুষের মধ্যে এমন নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। জমির নামজারি, খতিয়ান, নিবন্ধন কিংবা অধিগ্রহণের ক্ষতিপূরণ-প্রায় প্রতিটি ক্ষেত্রেই হয়রানি, অনিয়ম ও দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ দীর্ঘদিনের। এবার সেই অভিযোগ উঠে এসেছে জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও। ভূমি বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে মানুষের এই নেতিবাচক ধারণা বদলাতে বিভাগটিকে দুর্নীতিমুক্ত করার তাগিদ দিয়েছেন সংসদ সদস্যরা। শুধু দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য নয়, এসিল্যান্ড, ভূমি অধিগ্রহণ (এলএ) ও কানুনগো অফিসে দালালচক্রের হয়রানি বন্ধ, জনবল সংকট দূর, ডিজিটাল নজরদারি জোরদার এবং ভূমিসেবা এক ছাতার নিচে আনার মতো একাধিক গুরুত্বপূর্ণ সুপারিশও এসেছে বৈঠকে।

একই সঙ্গে আগামী দুই বছরের মধ্যে ডিজিটাল ভূমি জরিপ শেষ করার তাগিদ দিয়েছেন তারা। পাশাপাশি অর্পিত সম্পত্তি-সংক্রান্ত আপিলের সময়সীমা বাড়ানো, সিটি করপোরেশন ও পৌরসভার আওতাধীন গ্রামীণ ও কৃষিজমি বিক্রির ক্ষেত্রে গেইন ট্যাক্স পুনর্বিবেচনা এবং ভূমি কর্মকর্তাদের প্রশিক্ষণে একটি সমন্বিত একাডেমি প্রতিষ্ঠার প্রস্তাবও এসেছে।

ভূমি ব্যবস্থাপনায় দীর্ঘদিনের সমস্যা সমাধানে ডিজিটাল জরিপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে সংসদীয় কমিটি। বৈঠকে আগামী দুই বছরের মধ্যে ডিজিটাল জরিপ সম্পন্ন করা এবং দেশের সব খতিয়ান প্রস্তুত ও তথ্য এন্ট্রির কাজ নির্ভুলভাবে শেষ করার বিষয়ে আলোচনা হয়। ভূমি মন্ত্রণালয়ের উপস্থাপনায় জানানো হয়, দক্ষিণ কোরিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় ডিজিটাল জরিপ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
গত ০৮ নভেম্বর ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান। বৈঠকে কমিটির সদস্যরা, ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, অধীন দপ্তর-সংস্থার প্রধান এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত সংসদ সদস্যদের মধ্যে ছিলেন রাজশাহী-২ আসনের মো. মিজানুর রহমান মিনু, চট্টগ্রাম-৫ আসনের মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, ফেনী-২ আসনের জয়নাল আবদিন, জামালপুর-৫ আসনের শাহ মো. ওয়ারেছ আলী মামুন, চট্টগ্রাম-৮ আসনের এরশাদ উল্লাহ এবং রংপুর-৩ আসনের মো. মাহবুর রহমান (বেলাল)। এছাড়া সংরক্ষিত নারী আসনের সদস্য মিক সুলতানা আহমেদ এবং ময়মনসিংহ-২ আসনের এমপি মুহাম্মদুল্লাহ উপস্থিত ছিলেন।

বৈঠকে ভূমি বিভাগের মাঠপর্যায়ের সেবা নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ প্রকাশ করেন সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন। তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। বিশেষ করে এসিল্যান্ড, সাব-রেজিস্ট্রার ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাদের নিয়ে মানুষের মধ্যে এমন একটি ধারণা প্রতিষ্ঠিত হয়েছে যে ‘টাকা ছাড়া কাজ হয় না’। এই নেতিবাচক ধারণা পরিবর্তন করতে হলে প্রথমেই ভূমি বিভাগকে দুর্নীতিমুক্ত করতে হবে বলে মত দেন তিনি। এ ক্ষেত্রে দ্রুত ও কার্যকর নীতিগত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। মাঠপর্যায়ে জনবল সংকটের বিষয়টিও তুলে ধরে তিনি বলেন, প্রয়োজনীয় জনবল না থাকলে সেবা কার্যক্রমে অনিয়ম ও দীর্ঘসূত্রতা বাড়ে। দুর্নীতি প্রতিরোধ এবং দ্রুত নাগরিক সেবা নিশ্চিত করতে নতুন জনবল নিয়োগ বা পদায়নের মাধ্যমে এই সংকট দ্রুত সমাধান করা প্রয়োজন।

ভূমিহীন মানুষের জন্য গুচ্ছগ্রাম প্রকল্প নিয়েও প্রশ্ন তোলেন এই সংসদ সদস্য। তার মতে, অতীতে ভূমিহীনদের জন্য নির্মিত কিছু ঘরে বসবাসের উপযোগিতা ও অন্যান্য সমস্যা ছিল। কোনো কোনো ক্ষেত্রে ঘর নির্মাণের মানও সন্তোষজনক ছিল না। ভবিষ্যতে এ ধরনের প্রকল্প নেওয়ার আগে সম্ভাব্য সমস্যা, বসবাসের পরিবেশ ও প্রকৃত উপকারভোগীদের প্রয়োজন বিবেচনায় নিয়ে পরিকল্পনা করার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে নির্মাণকাজের মান নিশ্চিত করে প্রকল্প বাস্তবায়নের ওপর জোর দেন তিনি।

ডিজিটাল অটোমেশনের ফলে রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার পাশাপাশি মাঠপর্যায়ে সেবা ও মনিটরিং জোরদার করা হচ্ছে। নাগরিকদের ভূমিসেবা-সংক্রান্ত অভিযোগ অনলাইনে দাখিলের ব্যবস্থাও করা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে জিপিএস ট্র্যাকিং এবং সফটওয়্যারভিত্তিক হাজিরা ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে। সফটওয়্যার পরিচালনায় সমস্যা দ্রুত সমাধান এবং ভেন্ডর-নির্ভরতা কমাতে নিজস্ব আইটি টিম গঠনের উদ্যোগের কথাও জানানো হয়।

জমি নিবন্ধন ও নামজারি এক ছাতার নিচে আনার প্রস্তাব
জমির নিবন্ধন ও নামজারি কার্যক্রম আলাদা ব্যবস্থায় পরিচালিত হওয়ায় সাধারণ মানুষকে একাধিক দপ্তরে যেতে হয়। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি ভোগান্তিও বাড়ে। এই পরিস্থিতি পরিবর্তনে জমি নিবন্ধন, নামজারি ও ভূমি উন্নয়ন করসংক্রান্ত সেবা সমন্বিত ব্যবস্থার আওতায় আনার বিষয়ে বৈঠকে আলোচনা হয়।

আরও পড়ুনঃ  সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত

বৈঠকে আলোচনায় অংশ নিয়ে এক সংসদ সদস্য প্রশ্ন তোলেন, সিটি করপোরেশন ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন জমির ক্ষেত্রে ভূমি বিভাগের কার্যক্রম ও এখতিয়ার কীভাবে পরিচালিত হচ্ছে। জমি হস্তান্তর ও নিবন্ধনের সঙ্গে ভূমি বিভাগের কার্যক্রমের সমন্বয় নিয়েও তিনি জানতে চান।

তিনি উল্লেখ করেন, দেশের অধিকাংশ জমির নিবন্ধন কার্যক্রম ভূমি বিভাগের বাইরে পৃথক ব্যবস্থায় পরিচালিত হওয়ায় সমন্বয়ের ঘাটতি তৈরি হচ্ছে। নিবন্ধন কার্যক্রম কীভাবে ভূমি বিভাগের সেবার সঙ্গে সমন্বিত করা যায়, তা নিয়ে পরবর্তী সময়ে বিস্তারিত আলোচনার প্রস্তাব দেন তিনি।

টাকা ছাড়া কাজ হয় না—ভূমি অফিস নিয়ে সাধারণ মানুষের মধ্যে এমন নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। এই নেতিবাচক ধারণা পরিবর্তন করতে হলে প্রথমেই ভূমি বিভাগকে দুর্নীতিমুক্ত করতে হবে।
— শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সংসদ সদস্য
বৈঠকে এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকেও সমন্বিত সেবা চালুর সম্ভাবনা ও প্রতিবন্ধকতার বিষয় তুলে ধরা হয়। ভূমি সেবাকে এক ছাতার নিচে আনতে আইন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনার প্রয়োজনীয়তার কথা জানানো হয়। কার্যবিবরণীতে বলা হয়েছে, এ বিষয়ে অর্থমন্ত্রীর পক্ষ থেকে একটি কমিটি গঠনের কথাও উল্লেখ করা হয়েছে।

খাসজমি ও অর্পিত সম্পত্তি কম দামে ইজারা নিয়ে প্রশ্ন

খাসজমি ও অর্পিত সম্পত্তি স্বল্পমূল্যে ইজারা দেওয়ার বিষয়েও বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়। এক সংসদ সদস্য বলেন, এসব জমি কম মূল্যে ইজারা দেওয়ার ফলে সরকার প্রত্যাশিত রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। একই ব্যক্তি বা গোষ্ঠী স্বল্পমূল্যে ইজারা নিয়ে দীর্ঘদিন জমি ভোগ করার সুযোগ পাচ্ছে। স্বাভাবিক নিয়মে বাজারমূল্য বা যথাযথ মূল্যায়নের ভিত্তিতে এসব জমি ইজারা কিংবা বিক্রির ব্যবস্থা করা হলে সরকার অনেক বেশি রাজস্ব পেতে পারে।

এ বিষয়ে সরকারের রাজস্ব স্বার্থ বিবেচনায় নিয়ে খাসজমি ও অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা পুনর্বিবেচনার প্রস্তাব দেন তিনি। পাশাপাশি ডিজিটাল ভূমি জরিপ দ্রুত শেষ করতে দেশের সব জমির তথ্য সংগ্রহ, ডাটা এন্ট্রি ও তথ্য যাচাইয়ের কাজ নির্ভুলভাবে সম্পন্ন করার তাগিদ দেন।

অর্পিত সম্পত্তি-সংক্রান্ত মামলার ক্ষেত্রেও নতুন করে আলোচনা হয়। সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, আগে প্রণীত বিভিন্ন আইন জনবান্ধব কি না, তা পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী সংশোধন করা দরকার। অর্পিত সম্পত্তির বিষয়ে আপিল করার সময়সীমা বাড়িয়ে ক্ষতিগ্রস্ত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আবেদনের সুযোগ দেওয়ার অনুরোধ জানান তিনি। বৈঠকের সুপারিশে অর্পিত সম্পত্তির আপিলের সময়সীমা বাড়ানো এবং ভুক্তভোগীদের আবেদনের সুযোগ দেওয়ার বিষয়টি আইনি দিক থেকে পর্যালোচনার কথা বলা হয়েছে।

ভূমিসংক্রান্ত জটিলতা দেশের মানুষের অন্যতম বড় ভোগান্তির কারণ। নীতিগত দিকনির্দেশনা, সঠিক পরিকল্পনা এবং প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে হবে।
— নাসের রহমান, সভাপতি, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি
কৃষিজমি বিক্রিতে গেইন ট্যাক্স পুনর্বিবেচনার দাবি

সিটি করপোরেশন ও পৌরসভার অন্তর্ভুক্ত গ্রামীণ এবং কৃষিজমি বিক্রির ক্ষেত্রে গেইন ট্যাক্সের বিষয়টিও আলোচনায় আসে। সংসদ সদস্য মো. মাহবুর রহমান (বেলাল) বলেন, নতুন করে সিটি করপোরেশনের আওতায় যুক্ত হওয়া গ্রামীণ এলাকার কৃষিজমি বিক্রির ক্ষেত্রে করের বিষয়টি সাধারণ মানুষের জন্য চাপ তৈরি করছে। এ কারণে নতুন গঠিত সিটি করপোরেশন এবং কৃষিপ্রধান এলাকার জমি হস্তান্তরের ক্ষেত্রে গেইন ট্যাক্স পুনর্মূল্যায়নের দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, ভূমি রেকর্ড, নামজারি, অর্পিত সম্পত্তি ও খাসজমি বণ্টন নিয়ে নানা ধরনের সমস্যা রয়েছে। এসব জটিল বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ে বিশেষ বৈঠক করে সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

বৈঠকের সুপারিশে সিটি করপোরেশন ও পৌরসভার অন্তর্ভুক্ত গ্রামীণ এবং কৃষিজমি হস্তান্তরের ক্ষেত্রে গেইন ট্যাক্স শিথিলের বিষয়ে অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে পরবর্তী আলোচনা করার কথা বলা হয়েছে।

আরও পড়ুনঃ  ঢাকাকে কেউ যেন সন্ত্রাসীর শহর বানাতে না পারে, সতর্ক থাকার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ ও দালালচক্র নিয়ে উদ্বেগ
ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেতে দীর্ঘসূত্রতা এবং মাঠপর্যায়ের দুর্নীতির বিষয়ও বৈঠকে উঠে আসে। সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণসংক্রান্ত জটিলতার কারণে অনেক উন্নয়ন প্রকল্পের কাজ থমকে রয়েছে। ক্ষতিপূরণ বিতরণে হয়রানি ও অনিয়মের অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। একই সঙ্গে এসিল্যান্ড অফিস ও ভূমি অধিগ্রহণ (এলএ) অফিসে দালালচক্রের হয়রানি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

অনলাইনে ভূমি অভিযোগ নিষ্পত্তিতে শীর্ষে চট্টগ্রাম
কমিটির সুপারিশেও এসিল্যান্ড, এলএ ও কানুনগো অফিসে দালালমুক্ত সেবা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। মাঠপর্যায়ে তদারকি জোরদার করে সাধারণ মানুষের সরাসরি সেবা পাওয়ার পরিবেশ তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছে।

দুই বছরের মধ্যে ডিজিটাল জরিপ শেষ করার তাগিদ
ভূমি ব্যবস্থাপনায় দীর্ঘদিনের সমস্যা সমাধানে ডিজিটাল জরিপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে সংসদীয় কমিটি। বৈঠকে আগামী দুই বছরের মধ্যে ডিজিটাল জরিপ সম্পন্ন করা এবং দেশের সব খতিয়ান প্রস্তুত ও তথ্য এন্ট্রির কাজ নির্ভুলভাবে শেষ করার বিষয়ে আলোচনা হয়।

ভূমি মন্ত্রণালয়ের উপস্থাপনায় জানানো হয়, দক্ষিণ কোরিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় ডিজিটাল জরিপ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) করা হয়েছে এবং সম্ভাব্যতা সমীক্ষার কাজও হয়েছে বলে কার্যবিবরণীতে উল্লেখ রয়েছে।

ডিজিটাল জরিপের মাধ্যমে জমির সঠিক অবস্থান, পরিমাণ, মালিকানা ও রেকর্ডের তথ্য সমন্বিত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ভূমি সংক্রান্ত তথ্যের নির্ভুল ডাটাবেজ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বৈঠকে সার্টিফিকেট অব ল্যান্ড ওনারশিপ বা সিএলও চালুর বিষয়েও আলোচনা হয়। ভূমি প্রতিমন্ত্রী জানান, দক্ষিণ কোরিয়ার সহায়তায় চলমান ডিজিটাল জরিপ শেষ হলে এই সনদ চালুর কাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে। তার বক্তব্য অনুযায়ী, সিএলও চালু হলে জমির মালিকানা নিয়ে চলমান বিরোধ ও মামলা-মোকদ্দমার বড় অংশ নিষ্পত্তিতে সহায়তা পাওয়া যাবে। কার্যবিবরণীতে এ ব্যবস্থার মাধ্যমে প্রায় ৯০ শতাংশ জমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির সম্ভাবনার কথা উল্লেখ রয়েছে।

ভূমি সেবায় অটোমেশন, ১৬১২২ নম্বরে ২৪ ঘণ্টা সহায়তা
বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডিজিটাল সেবা ও অটোমেশন কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হয়। উপস্থাপনায় বলা হয়, ভূমি সেবাকে স্বচ্ছ, দক্ষ, জনবান্ধব ও টেকসই করতে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। নাগরিকদের জন্য ১৬১২২ নম্বরে ভূমিসেবা কল সেন্টার চালু রয়েছে। এর মাধ্যমে দেশ-বিদেশের নাগরিকরা নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা ও তথ্য পেতে পারেন। ২৪ ঘণ্টা সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে কল সেন্টার ও ডিজিটাল সেবা কার্যক্রম পরিচালনার কথা জানানো হয়।

এছাড়া অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি এবং খতিয়ানের সার্টিফায়েড কপি উত্তোলনের ব্যবস্থা চালু রয়েছে বলে উপস্থাপনায় উল্লেখ করা হয়। ভূমি তথ্যের সমন্বিত ব্যবস্থাপনার জন্য ল্যান্ড ডেটা ব্যাংক বা ভূমি তথ্যভাণ্ডার তৈরির কাজও চলছে। একই পরিচয়ের মাধ্যমে ভূমিসেবা পাওয়ার লক্ষ্যে ল্যান্ড গেটওয়ে এবং মোবাইল অ্যাপভিত্তিক সেবা সম্প্রসারণের বিষয়ও উপস্থাপনায় তুলে ধরা হয়।

মাঠপর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করতে জিপিএস ট্র্যাকিং

ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ডিজিটাল অটোমেশনের ফলে রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার পাশাপাশি মাঠপর্যায়ে সেবা ও মনিটরিং জোরদার করা হচ্ছে। নাগরিকদের ভূমিসেবা-সংক্রান্ত অভিযোগ অনলাইনে দাখিলের ব্যবস্থাও করা হয়েছে।

কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে জিপিএস ট্র্যাকিং এবং সফটওয়্যারভিত্তিক হাজিরা ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে। সফটওয়্যার পরিচালনায় সমস্যা দ্রুত সমাধান এবং ভেন্ডর-নির্ভরতা কমাতে নিজস্ব আইটি টিম গঠনের উদ্যোগের কথাও জানানো হয়। ভূমি সেবায় অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে শুধু ডিজিটাল ব্যবস্থা চালু করাই যথেষ্ট নয়, মাঠপর্যায়ে কার্যকর নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করার প্রয়োজনীয়তাও বৈঠকে গুরুত্ব পায়।

ভূমি মন্ত্রণালয়ের উপস্থাপনায় চলমান উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে ১৩৩টি ইউনিয়ন ভূমি অফিস এবং ১৫০টি সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণের উদ্যোগের কথা জানানো হয়। এছাড়া ভূমিহীন ও দরিদ্র মানুষের আবাসন সুবিধা নিশ্চিত করতে আদর্শ গ্রাম বা গুচ্ছগ্রাম প্রকল্পের নতুন নকশা ও পরিকল্পনা নেওয়ার বিষয় তুলে ধরা হয়। অতীতের প্রকল্পে ঘরের নির্মাণমান ও বসবাসের উপযোগিতা নিয়ে সংসদ সদস্যদের উদ্বেগের পরিপ্রেক্ষিতে ভবিষ্যৎ প্রকল্পে মান নিয়ন্ত্রণ ও বাস্তব চাহিদা বিবেচনার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

আরও পড়ুনঃ  ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ভূমি কর্মকর্তাদের প্রশিক্ষণে একাডেমি প্রতিষ্ঠার প্রস্তাব

ভূমি ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বাড়াতে একটি সমন্বিত প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছে। বৈঠকে বলা হয়, ভূমি প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদেরও ভূমি জরিপ ও ভূমি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।

এ লক্ষ্যে ডেমরা জুট মিলের জায়গা অথবা ভাওয়াল স্টেটের জমিতে সমন্বিত অবকাঠামো গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। একজন সংসদ সদস্য ডেমরায় ১৬ একর জমি বরাদ্দের প্রস্তাবও দেন। কমিটির সুপারিশে প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার জন্য খাসজমি নির্বাচন ও প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার কথা বলা হয়েছে।

ভূমি আইনের প্রয়োগ ও জনবান্ধব সংস্কারের ওপর গুরুত্ব

বৈঠকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩, ভূমি উন্নয়ন কর আইন, ২০২৩ এবং ভূমি ব্যবহার ও কৃষিজমি-সংক্রান্ত আইন বাস্তবায়নের বিষয় তুলে ধরা হয়। কার্যবিবরণীতে ভূমি ব্যবহার ও কৃষিজমি আইন, ২০২৬ প্রণয়নের কথাও উল্লেখ রয়েছে।

সংসদ সদস্যদের পক্ষ থেকে আগে প্রণীত আইনগুলো জনবান্ধব কি না, তা পর্যালোচনা এবং প্রয়োজনে সংশোধনের প্রস্তাব আসে। ভূমি ব্যবস্থাপনায় আইনের যথাযথ প্রয়োগ, জমির সঠিক মূল্যায়ন এবং নাগরিকদের সেবা পাওয়ার পথ সহজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া মৌজা রেট নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় বাস্তবতা বিবেচনায় নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এডিসি (রাজস্ব), সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদের প্রতিনিধিদের নিয়ে সংশ্লিষ্ট কমিটি গঠনের বিষয়েও আলোচনা হয়েছে।

বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভূমি আপিল বোর্ড, ভূমি সংস্কার বোর্ড এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের প্রতিনিধিরাও অংশ নেন। উপস্থাপনায় ভূমি আপিল বোর্ডের রাজস্বসংক্রান্ত আপিল ও রেকর্ড সংশোধন, ভূমি সংস্কার বোর্ডের মাঠপর্যায়ের ভূমি প্রশাসন এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নকশা ও স্বত্বলিপি প্রস্তুতের কার্যক্রম তুলে ধরা হয়।

ভূমি মন্ত্রণালয় থেকে জানানো হয়, ডিজিটাল অটোমেশনের মাধ্যমে ভূমিসেবাকে একীভূত করা, নাগরিকদের হয়রানি কমানো এবং মাঠপর্যায়ে জবাবদিহি বাড়ানোর কাজ চলছে। ভূমি সেবার বিভিন্ন অভিযোগ অনলাইনে গ্রহণ এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বৈঠকে ভূমি প্রতিমন্ত্রীও ডিজিটাল জরিপ ও সিএলও চালুর সম্ভাবনা তুলে ধরেন। তিনি জানান, জমির ক্রয়-বিক্রয়ের তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট রেকর্ড ও খতিয়ানের তথ্য সমন্বয়ের মাধ্যমে মালিকানা ব্যবস্থাকে আরও নির্ভুল করা সম্ভব হবে। তেজগাঁও, পল্টনসহ বিভিন্ন জটিল এলাকায় নাগরিকদের সরাসরি সেবা পাওয়ার সুযোগ বাড়ানোর উদ্যোগের কথাও তিনি উল্লেখ করেন।

সংসদীয় কমিটিতে পাস হলো ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল’
কমিটির সভাপতি নাসের রহমান বলেন, ভূমিসংক্রান্ত জটিলতা দেশের মানুষের অন্যতম বড় ভোগান্তির কারণ। নীতিগত দিকনির্দেশনা, সঠিক পরিকল্পনা এবং প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে হবে। ভূমি সেবার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বৈঠকে অংশ নেওয়া সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

সাত দফা সুপারিশ ও ভূমি ভবন পরিদর্শনের সিদ্ধান্ত
বিস্তারিত আলোচনা শেষে বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে জমি নিবন্ধন, নামজারি ও ভূমি উন্নয়ন করসংক্রান্ত সেবা এক ছাতার নিচে আনার বিষয়ে আইন মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা; অর্পিত সম্পত্তির আপিলের সময়সীমা বাড়ানোর আইনি বিষয় পর্যালোচনা; কৃষিজমি ও গ্রামীণ এলাকায় জমি হস্তান্তরের ক্ষেত্রে গেইন ট্যাক্স শিথিলের বিষয়ে অর্থ মন্ত্রণালয় ও এনবিআরের সঙ্গে আলোচনা। এ ছাড়া আগামী দুই বছরের মধ্যে ডিজিটাল জরিপ, খতিয়ান প্রস্তুত ও তথ্য এন্ট্রির কাজ নির্ভুলভাবে শেষ করা, ভূমি কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য সমন্বিত একাডেমি প্রতিষ্ঠায় জমি নির্বাচনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া এবং এসিল্যান্ড, এলএ ও কানুনগো অফিসে দালালমুক্ত সেবা নিশ্চিত করতে তদারকি জোরদারের সুপারিশ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST