1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার, সাইফুজ্জামানের ১৫ বছর কারাদণ্ড - দৈনিক লালবার্তা

ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার, সাইফুজ্জামানের ১৫ বছর কারাদণ্ড

Reporter Name
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৫ সময় দেখুন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) চট্টগ্রামের পোর্ট শাখা থেকে ২৫ কোটি টাকা ঋণের নামে আত্মসাৎ ও বিদেশে পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এ মামলায় জাবেদ ছাড়া আরও ১৬ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ১৯ জনকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, ভিশন ট্রেডিং নামে একটি কাগুজে প্রতিষ্ঠানের নামে জাল কাগজপত্র ব্যবহার করে ইউসিবিএলের পোর্ট শাখা থেকে ২৫ কোটি টাকা ঋণ নেওয়া হয়। পরে ওই অর্থ কয়েকটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে সরিয়ে নগদে উত্তোলন এবং হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

মামলার নথি অনুযায়ী, আরামিট গ্রুপের প্রটোকল কর্মকর্তা মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরীকে ভিশন ট্রেডিংয়ের মালিক হিসেবে দেখানো হয়। ২০১৯ সালের ১৩ অক্টোবর ইউসিবিএলের পোর্ট শাখায় প্রতিষ্ঠানটির নামে একটি চলতি হিসাব খোলা হয়। পরে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি গম, মসুর ডাল, ছোলা ও হলুদ মটর আমদানির কথা বলে ১৮০ দিনের জন্য ২৫ কোটি টাকা ঋণের আবেদন করা হয়।

ঋণের বিপরীতে প্রতিষ্ঠানের মজুতপণ্য, ব্যবসায়িক অভিজ্ঞতা ও গুদামসংক্রান্ত তথ্য দেওয়া হলেও সেগুলোতে অসংগতি ছিল বলে দুদকের তদন্তে উঠে আসে। ব্যাংকের করপোরেট ব্যাংকিং ও ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের যৌথ কমিটি ঋণ প্রস্তাবে ১৭টি নেতিবাচক পর্যবেক্ষণ দিয়েছিল। এরপরও ২০২০ সালের ১২ মার্চ ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৪৮তম সভায় ঋণটি অনুমোদন করা হয়। ঋণের অর্থ পে-অর্ডারের মাধ্যমে আলফা ট্রেডার্স, ক্লাসিক ট্রেডিং, মডেল ট্রেডিং ও ইম্পেরিয়াল ট্রেডিং নামে চারটি প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর করা হয়। এসব প্রতিষ্ঠানের মালিক হিসেবে দেখানো ব্যক্তিরা মূলত আরামিট গ্রুপের কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তি ছিলেন।

আরও পড়ুনঃ  শ্রমিকরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধ-বিজিএমইএ-বিকেএমই

এ ঘটনায় গত বছরের ২৪ জুলাই দুদকের উপ-পরিচালক মশিউর রহমান খান বাদী হয়ে চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ মামলা করেন। মামলায় সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, তার ভাই আসিফুজ্জামান চৌধুরী, বোন রোকসানা জামান চৌধুরীসহ ব্যাংক ও আরামিট গ্রুপের কর্মকর্তাদের আসামি করা হয়। মামলার শুরুতে আসামি ছিলেন ৩১ জন। তদন্ত শেষে গত ৫ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। এতে নতুন করে আরও সাতজনকে আসামি করা হয়। ফলে আসামির সংখ্যা দাঁড়ায় ৩৬ জনে। অভিযোগপত্রে ৯২ জনকে সাক্ষী করা হয়।

আরও পড়ুনঃ  শ্রমিকরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধ-বিজিএমইএ-বিকেএমই

এরপর ১১ মার্চ চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত ৩৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ৫ এপ্রিল থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলায় মোট ৫৬ জনের সাক্ষ্য নেওয়া হয়। ১৮ নভেম্বর যুক্তিতর্ক শুনানি শেষে আদালত পরদিন রায় ঘোষণার দিন ধার্য করেন। আদালত ৩৬ আসামির মধ্যে ১৭ জনকে দোষী সাব্যস্ত করে সাজা দেন। বাকি ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST