1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
ঝুঁকিপূর্ণ ৮ কারাগারে বিশেষ নজরদারি - দৈনিক লালবার্তা

ঝুঁকিপূর্ণ ৮ কারাগারে বিশেষ নজরদারি

বার্তা ডেস্কঃ-
  • আপডেটের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১ সময় দেখুন

দেশজুড়ে ধারাবাহিক সহিংসতা, ককটেল বিস্ফোরণ, যানবাহন ও থানাসহ সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ ও নাশকতায় জনমনে উদ্বেগ বাড়ছে। পুলিশ সদর দপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ২১টি জেলার ৮৭টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এ সময়ে ৮৩টি পরিবহণে অগ্নিসংযোগ করা হয়েছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানাসহ পুলিশের চারটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। পুলিশের ২৮টি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর, তিনটি স্থাপনায় ককটেল বিস্ফোরণ এবং একটি গাড়ি ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসব ঘটনায় ৩৯টি মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৬৬ জনকে। এমন বাস্তবতা সামনে রেখে দেশের কারাগারগুলোতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। ঝুঁকিপূর্ণ আট কারাগার বিশেষ গোয়েন্দা নজরদারির আওতায় আনা হয়েছে। কারা অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে, সার্বক্ষণিক পর্যবেক্ষণের পাশাপাশি কারারক্ষীদের সতর্ক থাকতে এবং যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কারাগারের বাইরের নিরাপত্তার পাশাপাশি অভ্যন্তরে বন্দিদের মধ্যে যাতে কোনো ধরনের অসন্তোষ, বিদ্রোহ কিংবা বিশৃঙ্খলা তৈরি না হয়, সেদিকেও বিশেষ নজর রাখছে কর্তৃপক্ষ।

অন্যদিকে, বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় রেখে গাজীপুরের কাশিমপুর কারা কমপ্লেক্সের নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী, পুলিশসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছে কারা কর্তৃপক্ষ। ১৮ নভেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার হালিমা খাতুনের স্বাক্ষরিত ওই চিঠি সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোর কাছে পাঠানো হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয় থেকে নিরাপত্তা বাড়ানোর নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়।
চিঠিতে বলা হয়, কাশিমপুর কারা কমপ্লেক্সে রাজনৈতিক বন্দিসহ প্রায় ১২ হাজার বন্দি রয়েছেন। এছাড়া এটি গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআইভুক্ত একটি স্পর্শকাতর এলাকা। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুরো কারা ক্যাম্পাসে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত এবং টহল জোরদার করা প্রয়োজন। এজন্য সাভার সেনানিবাসের ৯ পদাতিক ডিভিশনের জিওসি, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের অধিনায়ক, কোনাবাড়ী থানার ওসি এবং রাজেন্দ্রপুর সেনানিবাসের অপারেশন শাখার সহযোগিতা চাওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

কারা অধিদপ্তরের জেলার (মিডিয়া উইং) মাসুদ হাসান জুয়েল যুগান্তরকে বলেন, দেশের প্রতিটি কারাগার সব সময় বিশেষ নিরাপত্তার মধ্যে থাকে। কারাগারে অস্ত্র প্রবেশের সুযোগ না থাকলেও প্রয়োজনীয় অস্ত্র ও পর্যাপ্ত গোলাবারুদ মজুত রয়েছে।

সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সদর দপ্তর থেকে প্রতিটি কারাগার নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষ করে গত দুই সপ্তাহে প্রতিটি কারাগারের জেল সুপার ও জেলারসহ সংশ্লিষ্টদের বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে কারা কর্তৃপক্ষ কীভাবে তা মোকাবিলা করবে, সে বিষয়ে সুপার, জেলার ও কারারক্ষীদের সতর্ক করা হয়েছে। এসএমএস ও হোয়াটসঅ্যাপের মাধ্যমেও নিয়মিত নির্দেশনা দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

ঝুঁকি বিবেচনায় কয়েকটি কারাগার বিশেষ নজরদারির আওতায় : ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ), কাশিমপুর কারা কমপ্লেক্স, গাজীপুর জেলা কারাগার, নরসিংদী জেলা কারাগার, কক্সবাজার, কুমিল্লা, খুলনা ও রাজশাহী কেন্দ্রীয় কারাগার উল্লেখযোগ্য। এসব কারাগারে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কারা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, বড় কারাগারগুলোতে বন্দির সংখ্যা বেশি। ফলে নিরাপত্তা ব্যবস্থাপনার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় ঊর্ধ্বতন কর্মকর্তারা সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষকে বিশেষ নির্দেশনা দিচ্ছেন।

কারাগারের নিরাপত্তা নিয়ে উদ্বেগের নেপথ্যে : ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় দেশের অন্তত ১৭টি কারাগারে হামলা, বন্দি বিদ্রোহ ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। নরসিংদী, কাশিমপুর হাইসিকিউরিটি, শেরপুর, সাতক্ষীরা ও কুষ্টিয়া কারাগার থেকে পালিয়ে যান ২ হাজার ২৪৭ বন্দি। পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও আত্মসমর্পণের মাধ্যমে ১ হাজার ৫৫৭ জনকে ফিরিয়ে আনা সম্ভব হয়। তবে এখনো ৬৯০ বন্দি পলাতক রয়েছেন। এর মধ্যে নরসিংদী কারাগার থেকে পালানো ১৬৬ বন্দির পরিচয় শনাক্ত করা যায়নি। কারণ, তাদের পরিচয়সংক্রান্ত নথিপত্র পুড়ে গিয়েছিল।

আরও পড়ুনঃ  শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

ধারণক্ষমতা ৪৫১৮৬ বন্দি রয়েছে প্রায় ১১৫০০০ : দেশে বর্তমানে ১৫টি কেন্দ্রীয় ও ৬০টি জেলা কারাগার রয়েছে। এসব কারাগারের মোট ধারণক্ষমতা ৪৫ হাজার ১৮৬ জন। তবে বর্তমানে বন্দি রয়েছে প্রায় ১ লাখ ১৫ হাজার জন। অর্থাৎ ধারণক্ষমতার আড়াই গুণেরও বেশি বন্দি। এর মধ্যে ৬৮ শতাংশ বিচারাধীন মামলার হাজতি এবং ৩২ শতাংশ সাজাপ্রাপ্ত কয়েদি।

কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মেছবাহুল আলম সেলিম যুগান্তরকে বলেন, দেশের প্রতিটি কারাগারে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সদর দপ্তর থেকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। যেখানে যেভাবে নিরাপত্তা বাড়ানো প্রয়োজন, সেভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজনে জেলা প্রশাসক ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা যুগান্তরকে বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যে কোনো ধরনের নাশকতা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত রয়েছে। গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST