
৩ দফা দাবি বাস্তবায়ন এবং প্রশাসনের দেওয়া আশ্বাস পূরণ না হওয়ার অভিযোগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে রাঙামাটির সাজেক পর্যটন সড়কে আবারও অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দেওয়া হয়েছে। ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন’ যৌথভাবে এই কর্মসূচির ঘোষণা দিয়েছে।
বুধবার (২১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই অবরোধ পালনের বিষয়টি নিশ্চিত করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশিত হয় বিবৃতিটি।
এতে নেতারা জানান— বাঘাইহাট ও মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধে এবং শারদীয় দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত রাখা হয়েছিল। তবে এ সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হওয়ায় আবারও কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, গত ১১ অক্টোবর থেকে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শুরু করে সংগঠন দুটি। সেদিন বাঘাইহাট জোনের উপ-অধিনায়ক মো. সালমান ও প্রশাসনের পক্ষ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়।