1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
সংবিধান সংশোধন কমিটি বাতিল দাবি এনসিপির - দৈনিক লালবার্তা

সংবিধান সংশোধন কমিটি বাতিল দাবি এনসিপির

নিজস্ব প্রতিবেদক-
  • আপডেটের সময়: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২ সময় দেখুন

সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। দলটি এই কমিটিকে ‘এক দলীয়’ আখ্যায়িত করেছে।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এই দাবির কথা জানান। আওয়ামী নাশকতার পরিপ্রেক্ষিতে বৃহত্তর জাতীয় ঐক্য গড়তে প্রধানমন্ত্রীর আহ্বানের অংশ হিসেবে এই বৈঠক হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয়বস্তু নিয়ে নাহিদ ইসলাম বলেন, আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে আমরা বসেছিলাম। সেখানে বর্তমান বাংলাদেশের বর্তমান পরিস্থিতিসহ সমসাময়িক রাজনৈতিক সংকট ইত্যাদি নিয়ে কথা হয়েছে।

বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, যে কোনো ধরনের ঐক্যে- জুলাই, সংস্কার ও বিচার এবং দেশের সার্বভৌমত্বকে প্রধান রাখতে হবে। ফলে এই ঐক্যে প্রক্রিয়া যাতে সংস্কার একটি অ্যাজেন্ডা হয়। সংস্কারকে অ্যাজেন্ডাভুক্ত করার আহ্বান বা সুপারিশ আমরা জানিয়েছি।

আরও পড়ুনঃ  রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার

জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, যেই একদলীয় সংবিধান সংশোধন কমিটির রয়েছে, সেই কমিটি আসলে সংস্কার প্রক্রিয়াকে, গণভোটের রায় বাস্তবায়ন প্রক্রিয়াকে, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। আমরা সেই কমিটি বাতিল করার সুপারিশ জানিয়েছি। আহ্বান জানিয়েছি, যেভাবে গণভোটের রায় এসেছে সেই রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করা।

তিনি বলেন, আমরা বলেছি, বাংলাদেশে এই যে ফ্যাসিবাদ বিরোধী লড়াইটা, আমরা জুলাই গণভুথানে করেছিলাম, এই লড়াইটা আমাদের এখনো করতে হচ্ছে। এই লড়াইটা ছিল গণতন্ত্রের পক্ষ বনাম বিপক্ষ। ফলে আমরা যদি গণতন্ত্রকে শক্তিশালী করতে না পারি, আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে না পারি, টেকসই করতে না পারি, তাহলে জনগণের আস্থা অর্জন আমরা করতে পারবো না। দেশে অর্থনৈতিক বিনিয়োগে আসবে না। ফলে এই কারণে সংস্কারটা অত্যন্ত জরুরি একটি বিষয়।

আরও পড়ুনঃ  এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দিনে লাখ গাড়ি, টোলের হিসাবে ৭০-৭৫ হাজার!

তিনি আরও বলেন, আপনারা জানেন যে, গত কয়েকদিন ধরেই দেশে আইনশৃঙ্খলার পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। জনগণের নিরাপত্তা ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। যার ভিকটিম সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদ বিরোধী নেতাকর্মী, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব।

পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় সন্ত্রাস, অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে উল্লেখ করে নাহিদ বলেন, এই বিষয়ে কীভাবে দেশের পরিস্থিতিতে উত্তরণ ঘটানো সম্ভব? একটি রাজনৈতিক ঐক্য সম্ভব কিনা এ বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তার জায়গা থেকে বর্তমান উদ্বেগগুলো ব্যক্ত করেছেন।

এছাড়া ফ্যাসিবাদ প্রশ্নে, জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলাকে এক থাকার জন্য প্রধানমন্ত্রী আহ্বান করেছেন বলে উল্লেখ করেছেন নাহিদ ইসলাম।

আরও পড়ুনঃ  সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি

তিনি আরও বলেন, এর আগে সংসদেও সেটা প্রধানমন্ত্রী বলেছেন। আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে, বর্তমান পরিস্থিতি আসলে একদিনে হয়নি। নির্বাচনের পর থেকেই গত ৭ থেকে ৮ মাসেই ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি, আওয়ামী লীগ প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়া, ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো আরো স্পষ্ট না করার ফলে কিন্তু আজকের পরিস্থিতি তৈরি হয়েছে।

প্রতিনিধি দলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ছাড়াও দলটির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST